শিলিগুড়ি— উত্তরবঙ্গের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজে গতি আনছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে নতুন করে আরও ১.২ একর জমি চিহ্নিত করল দার্জিলিং জেলা প্রশাসন। ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি সিঙিঝোরা গ্রাম পঞ্চায়েতের তুরিভিটা মৌজায় এই জমি রয়েছে। দ্রুত জমিটি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশাসন ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত জমিতে বিমান পার্কিংয়ের ব্যবস্থা, রানওয়ের সঙ্গে সংযোগকারী রাস্তা এবং অ্যাপ্রোচ রোড তৈরির পরিকল্পনা রয়েছে। বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন যাত্রী ও বিমানের সংখ্যা বাড়ছে। সেই চাপ সামাল দিতে পার্কিংয়ের জায়গা এবং বিমান চলাচলের সহায়ক পরিকাঠামো সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি খোঁজ
প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্দেশেই নতুন করে জমি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগে শিলিগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। তাঁর নির্দেশের পরেই জমি খোঁজার কাজে সক্রিয় হয় দার্জিলিং জেলা প্রশাসন।
ইতিমধ্যে প্রশাসনের ল্যান্ড পারচেজ কমিটি প্রস্তাবিত জমি পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নিয়ম মেনে জমি কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, প্রায় ২ কোটি টাকা খরচ করে জমিটি কেনার পরিকল্পনা রয়েছে। দ্রুত ল্যান্ড পারচেজ কমিটি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক করে জমি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এখনও প্রয়োজন ৫.২৮ একর
উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিমান যোগাযোগের ক্ষেত্রেও বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব যথেষ্ট। দীর্ঘদিন ধরেই বিমানবন্দরটির আধুনিকীকরণ ও সম্প্রসারণের দাবি উঠছে। কিন্তু প্রয়োজনীয় জমির অভাবে একাধিকবার প্রকল্পের কাজ বাধার মুখে পড়েছে।
বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য মোট ১০৪ একর জমি চেয়েছিল কর্তৃপক্ষ। প্রশাসনিক হিসেব অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৯৮.৭২ একর জমি সংগ্রহ করা হয়েছে। এখনও বাকি রয়েছে ৫.২৮ একর। তার মধ্যেই নতুন করে ১.২ একর জমি চিহ্নিত করে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প আরও এক ধাপ এগোল বলে মনে করছে প্রশাসনিক মহল। বাকি জমি সংগ্রহের কাজও দ্রুত শেষ করা গেলে বিমানবন্দরের আধুনিকীকরণ ও পরিষেবা বৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে।
previous post
