November 29, 2026
রাজ্য

বাল্যবিবাহে পুরোহিতদের বিরুদ্ধেও মামলা, কড়া কলকাতা পুলিশ

সংবাদ কলকাতা: বাল্যবিবাহ রুখতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। নাবালক-নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠলে শুধু পরিবারের সদস্যদেরই নয়, বিয়েতে পৌরোহিত্য করা ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। বেআইনি বিয়েতে তাঁদের জড়িত থাকার প্রমাণ মিললে দায়ের হতে পারে মামলা। প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে তাঁদের। শুক্রবার অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা প্রত্যেক থানার ওসি এবং লালবাজারের আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছেন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি থানার আধিকারিকদের নিজের নিজের এলাকায় বিয়ের পৌরোহিত্য করেন, এমন বিভিন্ন ধর্মের ব্যক্তিদের নিয়ে বৈঠক করতে বলা হয়েছে। বাল্যবিবাহ নিষেধ আইনের বিভিন্ন ধারা এবং তার আইনি পরিণতি সম্পর্কে তাঁদের বিস্তারিত জানাতে হবে। নাবালক-নাবালিকার বিয়ে দেওয়ার সঙ্গে যুক্ত থাকলে কী ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে, তা-ও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, বাল্যবিবাহের প্রবণতা কমাতে স্কুলগুলিতে বিশেষ সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। শহরের যে সমস্ত এলাকা থেকে বাল্যবিবাহের অভিযোগ বেশি আসে, সেখানে বাড়তি নজরদারি চালানো হবে। থানার বিট অফিসারদের নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। কোথাও নাবালক বা নাবালিকার বিয়ের আয়োজন চলছে কি না, সে দিকেও সতর্ক নজর রাখতে হবে পুলিশকে।

এ দিনের বৈঠকে সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন লালবাজারের কর্তারা। অনলাইন প্রতারণা সম্পর্কে শহরবাসীকে সচেতন করতে আরও বেশি সংখ্যায় বিট মিটিং আয়োজনের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। কীভাবে সাইবার অপরাধীদের ফাঁদ এড়ানো সম্ভব, তা নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালানোর উপরেও জোর দেওয়া হয়েছে।

এ ছাড়াও শহরে চুরি-সহ কয়েকটি অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ আধিকারিকদের সতর্ক করেছেন লালবাজারের কর্তারা। অপরাধের ধরন ও গতিপ্রকৃতি বিশ্লেষণ করে কীভাবে এই ধরনের ঘটনা কমানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাল্যবিবাহ থেকে সাইবার প্রতারণা, শহরের অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করতে চাইছে কলকাতা পুলিশ।

Related posts

Leave a Comment