সংবাদ কলকাতা: লোকসভা ও রাজ্য বিধানসভার আসন বৃদ্ধি এবং নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করাতে মরিয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিরোধী জোটের মধ্যে মতপার্থক্যকে কাজে লাগিয়ে বিল পাশের রাস্তা পরিষ্কার করতে চাইছে বিজেপি। ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই নতুন আসন বিন্যাস কার্যকর করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।
পরিকল্পনা অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার লোকসভায় এবং পরবর্তী দু’দিন রাজ্যসভায় বিলটি পেশ ও আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে। বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরও টানা ১০৯ দিন সংসদ সচল রাখার পিছনে এই বিল পাসের প্রস্তুতি রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
বর্তমানে লোকসভার আসনসংখ্যা ৫৪৩। প্রস্তাবিত বিল কার্যকর হলে তা বেড়ে ৮৫০ হতে পারে। পাশাপাশি বর্ধিত আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই এই ব্যবস্থা চালু করা। তবে এর আগে গত এপ্রিলে সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় বিলটি পাস করাতে পারেনি কেন্দ্র। এবার বিরোধী শিবিরের একাধিক দলের অবস্থান বদলের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে বিজেপি।
রাজনৈতিক সমীকরণে ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের অবস্থান বদলকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করলেও এখন তিনি বিলের কয়েকটি শর্তে সম্মতি জানিয়েছেন। তাঁর বক্তব্য, পুনর্বিন্যাসের পরেও লোকসভায় তামিলনাড়ুর প্রতিনিধিত্ব ৭.১৮ শতাংশ বজায় থাকবে এবং প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সরাসরি বিলের পক্ষে ভোট না দিলেও স্ট্যালিনের দল ভোটদানে বিরত থাকতে পারে। তাতে পরোক্ষ ভাবে কেন্দ্রের সুবিধা হতে পারে।

অন্য দিকে, মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পওয়ারের অবস্থান নিয়েও জল্পনা বাড়ছে। তিনি বিলটিকে সমর্থন করতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এনসিপির লোকসভায় আট জন সাংসদ রয়েছেন। জল্পনা, শরদ-কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার প্রস্তাবও দেওয়া হতে পারে। একই সঙ্গে এনসিপির এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।
এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে কংগ্রেস। দলীয় বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহিলাদের সংরক্ষণ এই বিলের মূল উদ্দেশ্য নয়। বরং নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে বিজেপি। তাঁর বক্তব্য, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, কংগ্রেস এই বিলের বিরোধিতা করবে।
পুনর্বিন্যাস প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা চলছে। এই প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিরোধীদের আপত্তি উঠতে পারে বলে মনে করা হচ্ছে।বিলকে ঘিরে বিরোধী শিবিরের
আপত্তি আরও স্পষ্ট করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তাদের বক্তব্য, যে দল এই বিলকে সমর্থন করবে, দেশবাসী তাদের বিশ্বাসঘাতক হিসেবে দেখবে। অন্য দিকে, শরদ পওয়ারের অবস্থান নিয়ে কংগ্রেসের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেস নেতাদের বক্তব্য, মহারাষ্ট্র বিধানসভায় দলের মাত্র ১০ জন সদস্য থাকা সত্ত্বেও গত মার্চে ৮৫ বছর বয়সি শরদ পওয়ারকে রাজ্যসভার সদস্য নির্বাচিত করতে সমর্থন দিয়েছিল কংগ্রেস। সেই রাজনৈতিক সহযোগিতার পরেও তাঁর অবস্থান বদলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
সব মিলিয়ে বিশেষ অধিবেশনের আগে আসন পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এক দিকে বিল পাস করাতে কেন্দ্রের তৎপরতা, অন্য দিকে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা। সংসদে শেষ পর্যন্ত কোন দল কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করবে বিলটির ভবিষ্যৎ।
