নিজস্ব সংবাদদাতা, মালদহ— নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মালদায় এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশঙ্কর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম অফিসে সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় ডিআরএম অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের একটি বিশেষ দল মালদার ডিআরএম অফিসে পৌঁছয়। সেখানে কর্মরত উমাশঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত পৌনে এগারোটা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের সূত্রে খবর, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ-সহ একাধিক অভিযোগ জমা পড়েছিল উমাশঙ্করের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর ভূমিকা খতিয়ে দেখছিল সিবিআই। তদন্তের সূত্র ধরে এ দিন মালদায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারির পর উমাশঙ্করের আবাসনেও পৌঁছন সিবিআই আধিকারিকেরা। তাঁর কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় তদন্তের পর কোয়ার্টারটি সিল করে দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই ঘটনায় পূর্ব রেলের মালদা ডিভিশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিয়োগ দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত, এই ঘটনায় কোনও বড় চক্র কাজ করেছে কি না এবং আর্থিক লেনদেনের পিছনে কারা রয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের আরও তথ্য সামনে আনার চেষ্টা করছে সিবিআই।
