মুম্বই— টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে ফের প্রকাশ্যে এল টাটা গোষ্ঠীর অন্দরের মতবিরোধ। ২০২৭ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তাঁকে পুনর্নিয়োগের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে টাটা ট্রাস্ট। গত ২৫ নভেম্বর স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে এই আইনি পদক্ষেপের প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির বিষয়টিও সামনে এসেছে।
ট্রাস্টগুলির মূল আপত্তি, গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড বৈঠকে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সংস্থার সংঘবিধি মেনে হয়নি। তাদের বক্তব্য, টাটা সন্সের ‘আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন’-এর ১২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে টাটা ট্রাস্ট মনোনীত পরিচালকদের সংখ্যাগরিষ্ঠের সম্মতি প্রয়োজন। কিন্তু সেই নিয়ম যথাযথ ভাবে মানা হয়নি বলেই অভিযোগ।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে আরও পাঁচ বছরের জন্য এন চন্দ্রশেখরনকে চেয়ারম্যান পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ট্রাস্ট মনোনীত দুই পরিচালকের মধ্যে নোয়েল টাটা পুনর্নিয়োগের বিরোধিতা করেন। অন্য দিকে, টাটা সন্সের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তথা টিভিএস গোষ্ঠীর কর্ণধার বেণু শ্রীনিবাসন সিদ্ধান্তের পক্ষে ভোট দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বৈঠকের সভাপতি হরীশ মনবানী নিজের নির্ণায়ক ভোট প্রয়োগ করে পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেন।
টাটা ট্রাস্টের দাবি, এই নির্ণায়ক ভোট প্রয়োগের বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে। সংস্থার সংঘবিধিতে নির্ধারিত শর্ত পূরণ না করেই ওই ভোট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাদের। শুধু তাই নয়, পুনর্নিয়োগের প্রস্তাব পাসের ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য নিয়মও উপেক্ষা করা হয়েছে বলে দাবি ট্রাস্টের। তাই আদালতের কাছে আবেদন জানিয়ে টাটা সন্সকে প্রয়োজনীয় ইতিবাচক ভোট ছাড়া পুনর্নিয়োগ সংক্রান্ত কোনও পদক্ষেপ করা থেকে বিরত রাখার পরিকল্পনা করেছে তারা।
এই আইনি পদক্ষেপের প্রস্তাবে নোয়েল টাটা, নেভিল টাটা এবং ভাস্কর ভাট সমর্থন জানিয়েছেন বলে খবর। অন্য দিকে, বেণু শ্রীনিবাসন এবং বিজয় সিংহ এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। ফলে চেয়ারম্যানের পুনর্নিয়োগকে কেন্দ্র করে টাটা গোষ্ঠীর অভ্যন্তরীণ মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বেণু শ্রীনিবাসনের ভূমিকা নিয়েও আপত্তি তুলেছেন নোয়েল টাটা। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছে টিভিএস মোটর কোম্পানি এবং চন্দ্রশেখরনের পরিবারের সঙ্গে যুক্ত সংস্থা হ্যানো ওয়ান ওয়্যারহাউজিংয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক। নোয়েলের বক্তব্য, এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করা উচিত ছিল শ্রীনিবাসনের। একই সঙ্গে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে আলোচনা এবং ভোটাভুটিতে তাঁর অংশ নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
গত ২৬ অক্টোবর টাটা সন্সের কোম্পানি সচিব সুপ্রকাশ মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন নোয়েল। সেখানে তিনি জানতে চান, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডকে হ্যানো ওয়ানের সঙ্গে টিভিএস মোটরের বাণিজ্যিক লেনদেন সম্পর্কে জানানো হয়েছিল কি না। পাশাপাশি ৩ সেপ্টেম্বরের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির বৈঠক এবং ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে শ্রীনিবাসনের অংশগ্রহণ নিয়েও আপত্তি জানান তিনি।
নোয়েলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, হ্যানো ওয়ান ওয়্যারহাউজিংয়ের সঙ্গে চন্দ্রশেখরনের স্ত্রী ললিতা এবং ছেলে প্রণবের যোগ রয়েছে। ওই সংস্থার সঙ্গে টিভিএস মোটরের একটি বাণিজ্যিক চুক্তির কথাও তুলে ধরেন তিনি। চুক্তি অনুযায়ী, টিভিএস মোটরের হোসুর কারখানার কাছে জমি লিজ নেওয়ার বিষয়টি রয়েছে। ওই জমিতে নির্মাণের পরিকল্পনাও রয়েছে গাড়ি নির্মাতা সংস্থাটির।

নোয়েলের বক্তব্য, এই ধরনের বাণিজ্যিক সম্পর্কের কথা শ্রীনিবাসনের প্রকাশ করা প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ সংক্রান্ত আলোচনা এবং ভোটাভুটিতে তাঁর অংশ নেওয়া উচিত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি পুনর্নিয়োগের পক্ষে দেওয়া আইনি মতামত, বোর্ডের প্রাসঙ্গিক নথি এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য প্রকাশের দাবিও জানিয়েছেন।
যদিও টাটা সন্সের তরফে স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করা হয়েছে। নোয়েলের চিঠির জবাবে সংস্থাটি জানিয়েছে, হ্যানো ওয়ান সংক্রান্ত তথ্য ২০২৫ সালের এপ্রিল মাসেই চন্দ্রশেখরন যে সব সংস্থার চেয়ারম্যান, তাদের জানানো হয়েছিল। টিভিএস মোটরের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক লেনদেনের বিষয়টি আলাদা করে টাটা সন্সকে জানানোর কোনও বাধ্যবাধকতা ছিল না বলেও দাবি করেছে সংস্থা।
সব মিলিয়ে, এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে কেন্দ্র করে টাটা সন্স এবং টাটা ট্রাস্টের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এবার বম্বে হাইকোর্টে মামলা হলে সংস্থার সংঘবিধি, পরিচালকদের ভোটাধিকার এবং স্বার্থের সংঘাত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আদালতের বিবেচনায় আসতে পারে।
