সংবাদ কলকাতা: শীতের আমেজ ক্রমশ বাড়ছে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায়। গত দু’দিনে শহরের তাপমাত্রা কমেছে মোট ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও পারদ নেমেছে আরও ২ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনেও তাপমাত্রা কমার প্রবণতা বজায় থাকতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের অনুভূতি বাড়বে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থাকবে, দিনভর রোদের দেখা মিলবে। বৃষ্টি বা আকাশ মেঘলা থাকার কোনও পূর্বাভাস নেই।
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ ঘটেছে। তার জেরেই মঙ্গলবারের তুলনায় বুধবার থেকে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন শুরু হয়। বৃহস্পতিবারও সেই প্রবণতা অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গেও শীতের প্রভাব বাড়ছে। তাপমাত্রা কমার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট বেড়েছে। ফলে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
