ক্রাইস্টচার্চ— ওয়েলিংটন টেস্টে ব্যাটারদের দাপট দেখে অনেকেই অবাক হয়েছিলেন। পাঁচ দিনের খেলায় উঠেছিল ১ হাজার ৩২৭ রান, অথচ উইকেট পড়েছিল মাত্র ২৪টি। নিউ জ়িল্যান্ডের মাটিতে এমন ব্যাটিং সহায়ক পিচের ছবি সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি। এ বার ক্রাইস্টচার্চে ভারত ও নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টে কেমন উইকেট পাওয়া যাবে, তা নিয়ে মুখ খুললেন মাঠের পিচ প্রস্তুতকারক জেডেন টোহিল। তাঁর কথায়, ওয়েলিংটনের মতো সহজ উইকেট হওয়ার সম্ভাবনা কম।
তিন সপ্তাহ আগে এই মাঠেই ভারত এ এবং নিউ জ়িল্যান্ড এ দলের মধ্যে চার দিনের টেস্ট হয়েছিল। সেই ম্যাচে ১ হাজার ৫২ রান উঠলেও উইকেট পড়েছিল ২২টি। তবে আসন্ন দ্বিতীয় টেস্টে ব্যাটারদের জন্য অতটা অনুকূল পরিবেশ থাকবে না বলেই মনে করছেন টোহিল। তাঁর আশা, ম্যাচে ব্যাটার ও বোলার— দু’পক্ষই নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।

টোহিল জানিয়েছেন, ম্যাচের শুরুতে পেসাররা পিচ থেকে সাহায্য পেতে পারেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি আরও অনুকূল হয়ে উঠবে। অর্থাৎ, প্রথম থেকেই ব্যাটারদের জন্য রান করা সহজ হবে না। ফলে ওয়েলিংটনের মতো একপেশে ব্যাটিংয়ের বদলে ক্রাইস্টচার্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার আশা করছেন তিনি।
আগের ভারত এ বনাম নিউ জ়িল্যান্ড এ ম্যাচের পিচ তৈরির সময় বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। টোহিলের বক্তব্য, টি-টোয়েন্টি সিরিজ়ের আগে পিচ প্রস্তুতির সময় প্রচণ্ড গরম ছিল। তার পর কয়েক দিন বৃষ্টি হওয়ায় উইকেট তৈরির কাজে বিঘ্ন ঘটে। সেই পরিস্থিতির প্রভাব পড়েছিল পিচে। এ বার অবশ্য তেমন সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।
ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর ক্রাইস্টচার্চের পিচ নিয়ে তাঁর উপর চাপ তৈরি হয়েছিল বলেও স্বীকার করেছেন টোহিল। তাঁর মতে, পিচ প্রস্তুতকারীর কাজের সঙ্গে চাপ ওতপ্রোত ভাবে জড়িত। আগের ম্যাচের ফলের কারণে কিছুটা চাপ বাড়লেও এখন সেই পরিস্থিতি নেই। এ বার একটি ভাল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট দেখার আশায় রয়েছেন তিনি।
