November 25, 2026
খেলা

সরে দাঁড়ালেন এথেনপা, চাপে কল্যাণ

সংবাদ কলকাতা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন সভাপতি কল্যাণ চৌবে। সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মেনলা এথেনপা। এআইএফএফের অর্থ বিষয়ক কমিটির চেয়ারম্যানও তিনি। কল্যাণের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এথেনপার এই পদত্যাগ ঘিরে ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। ফেডারেশনের অন্দরের একাংশের দাবি, ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও এর পিছনে অন্য কোনও সমীকরণ কাজ করছে।

সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন এথেনপা। যদিও তাঁর এই সিদ্ধান্তকে নিছক ব্যক্তিগত কারণের ফল হিসেবে দেখতে নারাজ ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই। তাঁদের মতে, এথেনপাকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কল্যাণ চৌবেকেও বার্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এমনকী, ভারতের এক প্রাক্তন তারকা ফুটবলার এই অপসারণের পিছনে প্রভাব খাটিয়েছেন বলেও জল্পনা ছড়িয়েছে।

কেন এথেনপাকে সরতে হল, তা নিয়ে ফুটবল প্রশাসনের অন্দরে নানা আলোচনা চলছে। অনেকের ধারণা, ২০২২ সালে কল্যাণ চৌবে এআইএফএফ সভাপতি হওয়ার পিছনে বিজেপির সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু বর্তমানে সেই রাজনৈতিক সমর্থন তাঁর পাশে নেই। এথেনপার পদত্যাগকে কেন্দ্র করে সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। বিশেষ করে সিকিমে বর্তমানে ক্ষমতায় রয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। দলটি কেন্দ্রে বিজেপির শরিক।

কল্যাণের রাজনৈতিক সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে এআইএফএফ নির্বাচনের প্রস্তুতিতেও। এত দিন বিজেপি শাসিত গুজরাতের প্রতিনিধি হিসেবে ফেডারেশনে ছিলেন তিনি। কিন্তু আসন্ন নির্বাচনে গুজরাত তাঁকে আর প্রার্থী করেনি। এরপর দমন-দিউয়ের প্রতিনিধিত্ব পাওয়ার চেষ্টা করেন কল্যাণ। কিন্তু শেষ মুহূর্তে সেখান থেকেও তাঁকে হতাশ হতে হয়েছে। ফলে বিজেপির সমর্থন তাঁর সঙ্গে আর নেই, ফেডারেশনের অন্দরে এমনটাই মনে করছেন অনেকে। ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এথেনপার সরে যাওয়া সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে।

এদিকে কল্যাণের নেতৃত্ব নিয়ে গত কয়েক বছর ধরেই একাধিক প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, তাঁর আমলে ভারতীয় ফুটবলের পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে। গত তিন বছরে ফিফা ক্রমতালিকায় ভারতের অবস্থান ৯৫ থেকে নেমে ১৩৮ হয়েছে। দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা আইএসএল আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাব ফুটবলের আর্থিক পরিস্থিতি, প্রতিযোগিতার ভবিষ্যৎ এবং স্পনসরদের আগ্রহ কমে যাওয়াকে কেন্দ্র করে ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ।



এই পরিস্থিতিতে কল্যাণের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ভারতীয় ফুটবলের প্রশাসনে নতুন যাঁরাই দায়িত্ব নিন না কেন, প্রথমেই কল্যাণ চৌবের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, ব্রাজিল ও উরুগুয়ের মতো আন্তর্জাতিক ফুটবল শক্তিকে ভারতে খেলতে এনে ফেডারেশন আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হচ্ছে। স্পনসর এবং টিকিট বিক্রির ক্ষেত্রেও ক্ষতির কথা জানানো হয়েছে। কিন্তু সেই ক্ষতির দায় কার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাইচুং।

ব্রাজিল ও উরুগুয়ের ফুটবল দল ভারতে খেলতে এলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পুরো অর্থ এখনও মেটানো হয়নি বলে অভিযোগ। সেই বকেয়া মেটাতে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাব দিয়েছিলেন কল্যাণ। কিন্তু এআইএফএফের বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন পায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভাইচুংয়ের বক্তব্য, এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্রাজিল ও উরুগুয়ে যদি বকেয়া অর্থ আদায়ের জন্য ফিফা কিংবা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়, তা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

শুধু প্রকাশ্যে সমালোচনা নয়, কল্যাণের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কেও চিঠি দিয়েছেন ভাইচুং। সেই চিঠিতে সই করেছেন মোট ১৫ জন প্রাক্তন ফুটবলার। গত তিন বছরে এআইএফএফের বিভিন্ন ব্যর্থতা এবং ভারতীয় ফুটবলের ক্রমাবনতির বিষয়গুলি তুলে ধরেছেন তাঁরা। পাশাপাশি কল্যাণ চৌবেকে সরিয়ে অন্য কাউকে ফেডারেশনের দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন।

সব মিলিয়ে এআইএফএফের আসন্ন নির্বাচন ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। একদিকে প্রাক্তন ফুটবলারদের বিরোধিতা, অন্যদিকে নির্বাচনে গুজরাত ও দমন-দিউয়ের সমর্থন না পাওয়া, তার উপর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এথেনপার পদত্যাগ—সব মিলিয়ে চাপে কল্যাণ চৌবে। তবে এই পরিস্থিতির পরেও নির্বাচনে তাঁর পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থান কী হয়, এখন সেটাই দেখার।

Related posts

Leave a Comment