সংবাদ কলকাতা: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার সকালে ভেন্টিলেটর থেকে বার করা হল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। এত দিন কৃত্রিম উপায়ে তাঁর শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছিল। এবার ভেন্টিলেটরের সাহায্য ছাড়াই তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন কি না, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। যদিও এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন তিনি। আরও কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
সোমবার সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। পরে অর্চনা জানান, আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন রেখা। অল্পস্বল্প কথাও বলছেন। এমনকি মুখ দিয়ে এক-দু’ফোঁটা জলও খেতে পেরেছেন।
অর্চনার দাবি, রেখার মুখের ভিতরে জমে থাকা লালা ফুসফুসে পৌঁছে যাওয়ায় অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। বুকের সিটি স্ক্যানে বিষয়টি ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাঁর শরীরে বিষের কিছুটা প্রভাব এখনও রয়েছে। সেই কারণে হৃদস্পন্দনের হার বেশি। তবে কিডনিতে কোনও প্রভাব পড়েনি। রক্তে পটাশিয়ামের মাত্রাও কিছুটা বেশি থাকলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চিকিৎসকদের মতে, আগামী চার দিন রেখার শারীরিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হবে। তারপরই তিনি বিপদমুক্ত কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে রয়েছেন বিধায়ক। তাঁকে পরীক্ষা করছেন একজন কিডনি বিশেষজ্ঞ এবং একজন বিষক্রিয়া সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসক।
উল্লেখ্য, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ করা হয়েছিল, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ প্রবেশ করেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকদের নথি অনুযায়ী, তখন তিনি অনেকটাই ঝিমিয়ে পড়েছিলেন। ডাকাডাকি করলেও তেমন সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি।
বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সময় বিষক্রিয়ার প্রভাব কমাতে একাধিক পদক্ষেপ করেন চিকিৎসকেরা। তাঁকে ছ’টি অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট দেওয়া হয়। নাক দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টাও করা হয়। পাশাপাশি অ্যাট্রোপিন ও প্র্যালিডক্সিম ইঞ্জেকশন দেওয়া হয়। বমি, গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও শুরু হয়েছিল। আপাতত ভেন্টিলেটর ছাড়া রেখার শারীরিক পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে, সেদিকেই নজর চিকিৎসকদের।
