November 19, 2026
রাজ্য

১০ সরকারি কর্মচারী নেতাকে বদলি করল নবান্ন

সংবাদ কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল অব্যাহত। এ বার তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ১০ জন নেতাকে বিভিন্ন দপ্তর থেকে সরিয়ে দিল নবান্ন। বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে ওই নেতাদের কয়েক জনের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের উপর প্রভাব খাটানো, হুমকি দেওয়া এবং বদলি নিয়ে চাপ তৈরির অভিযোগ উঠেছিল। নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

বদলি হওয়া নেতাদের তালিকায় রয়েছেন ফেডারেশনের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য রণবীর দত্ত। নবান্নের অর্থ দপ্তর থেকে তাঁকে বাঁকুড়া ট্রেজারি অফিসে পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনে এক সময়ে যথেষ্ট প্রভাবশালী বলে পরিচিত রণবীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। বিশেষ করে এসআইআর পর্বে রাজ্য নির্বাচন কমিশনের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ধরনায় বসতে দেখা গিয়েছিল তাঁকে। সরকার পরিবর্তনের পর সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েকের সঙ্গে দূরত্ব তৈরি করলেও শেষ পর্যন্ত বদলির তালিকা থেকে রেহাই পেলেন না তিনি।

এর আগে ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককেও বদলি করা হয়েছিল। তাঁকে নবান্ন থেকে সরিয়ে দার্জিলিঙের বিজনবাড়িতে পাঠানো হয়। এ বার আরও একাধিক নেতার কর্মস্থল পরিবর্তন করল রাজ্য সরকার।

বদলি হওয়া নেতাদের মধ্যে রয়েছেন ফেডারেশনের প্রাণিসম্পদ শাখার রাজ্য সভাপতি চন্দ্রনাথ রায়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিবালয় থেকে তাঁকে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিকের অফিসে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্মীদের অনৈতিক ভাবে বদলি করানো এবং বিভিন্ন সভা থেকে দূরের এলাকায় পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এমনকি বদলি হওয়া কর্মীদের সঙ্গে সহকর্মীরা যাতে সম্মানজনক আচরণ না করেন, সেই নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অন্য দিকে, খাদ্য ভবনে ফেডারেশনের অফিসে নিলয় চক্রবর্তীর একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিয়োয় তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় বলে দাবি করা হয়। তাঁকে সুন্দরবন বিষয়ক দপ্তর থেকে সরিয়ে গোসাবা ব্লকের বিডিও অফিসে পাঠানো হয়েছে।

বদলির তালিকায় রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়ও। স্বরাষ্ট্র দপ্তর থেকে তাঁকে দার্জিলিঙের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সচিবালয়ে পাঠানো হয়েছে। রাধানাথ রায়চৌধুরীকে পূর্ত দপ্তর থেকে কোচবিহারের তিস্তা ব্যারেজ নির্মাণ বিভাগের দায়িত্বে পাঠানো হয়েছে। পার্থসারথি দত্তকে উচ্চশিক্ষা দপ্তর থেকে পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া কুশল মজুমদারকে খাদ্য দপ্তর থেকে ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে পাঠানো হয়েছে। শ্রম দপ্তরের অর্ঘ্য দাসের নতুন কর্মস্থল হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণপুরে বয়লার ডিরেক্টরেটের দপ্তর। অর্থ দপ্তরের জিৎ ভৌমিককে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কোষাগার বিভাগে পাঠানো হয়েছে। পূর্ত দপ্তরের অতনু দাসকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে।এই বদলিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী। অতীতে মানস ভুঁইয়া ও প্রতাপ নায়েকের নেতৃত্বাধীন সংগঠনে তিনি কার্যত প্রান্তিক হয়ে পড়েছিলেন বলে জানা যায়। তাঁর অভিযোগ, শেষ পাঁচ বছরে সরকারি অফিসগুলিতে ভয় দেখানো, হুমকি এবং তোলাবাজির পরিবেশ তৈরি হয়েছিল। নতুন সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেও তিনি সতর্ক করেছেন, বদলির সিদ্ধান্ত যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হয়ে না ওঠে।

মনোজের বক্তব্য, সরকারি দপ্তরগুলিতে যাতে ফের কোনও ভাবেই হুমকি ও ভয় দেখানোর পরিবেশ তৈরি না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে প্রশাসনিক বদলি যেন প্রতিহিংসার রাজনীতিতে পরিণত না হয়, সে দিকেও নজর রাখা জরুরি।

Related posts

Leave a Comment