November 19, 2026
খেলা

যশস্বীকে পেতে রাজস্থানের সঙ্গে দর কষাকষি কেকেআরের

সংবাদ কলকাতা: আইপিএলের রিটেনশন পর্ব শেষ। দশটি দলই তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। তবে দলবদলের রাস্তা এখনও খোলা। আইপিএলের নিয়মে সেই সুযোগ কাজে লাগিয়েই রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নিতে উদ্যোগী হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁকে পাওয়ার জন্য রাজস্থানের সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়েছে বলে খবর।

গত মরশুম শেষ হওয়ার পর থেকেই যশস্বীর রাজস্থান ছাড়ার জল্পনা তৈরি হয়েছিল। প্রথম দিকে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমনকি বদলে হার্দিক পাণ্ড্যকে দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল বলে জানা যায়। কিন্তু হার্দিক পঞ্জাব কিংসে যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই। এর মধ্যেই যশস্বীকে পাওয়ার দৌড়ে নেমেছে কেকেআর। লখনউ সুপার জায়ান্টসও তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।

আইপিএলের নিয়ম অনুযায়ী, রিটেনশনের সময়সীমা পেরিয়ে গেলেও ট্রেড উইন্ডো খোলা থাকে। আগামী ১৬ ডিসেম্বরের নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত ক্রিকেটারদের দলবদলের সুযোগ থাকছে। নিলাম শেষ হওয়ার পরেও ফের চালু হবে এই প্রক্রিয়া। আইপিএলের প্রথম ম্যাচের এক মাস আগে পর্যন্ত চলবে সেই সুযোগ। ফলে যশস্বীকে দলে নেওয়ার জন্য কেকেআরের হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে।

বর্তমানে একজন ভারতীয় ওপেনারের সন্ধানে রয়েছে কলকাতার দল। সেই জায়গায় যশস্বীকে আদর্শ বিকল্প বলে মনে করছে কেকেআর কর্তৃপক্ষ। তরুণ এই বাঁহাতি ব্যাটারের অভিজ্ঞতা এবং আগ্রাসী ব্যাটিং দলের শক্তি বাড়াতে পারে। তাঁকে পাওয়ার জন্য বদলে অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কলকাতা।

গত নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে গ্রিনকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ফলে তাঁকে নিয়ে দলের আগ্রহে ভাটা পড়েছে। প্রয়োজনে আর্থিক ক্ষতি স্বীকার করেও গ্রিনকে রাজস্থানের হাতে তুলে দিতে রাজি কলকাতা।


শুধু গ্রিনই নন, রমনদীপ সিংহ কিংবা কার্তিক ত্যাগীর মধ্যে একজনকেও ছেড়ে দিতে পারে কেকেআর। বিনিময়ে একাধিক ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা থাকায় রাজস্থানের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে খবর। তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে কোনও আপস করতে নারাজ কলকাতা। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংহকে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের।

যদিও যশস্বীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার। যশস্বী শেষ পর্যন্ত কলকাতার জার্সি গায়ে চাপান কি না, তার উত্তর মিলতে পারে আগামী নিলামের আগেই।

Related posts

Leave a Comment