November 18, 2026
খেলা

কেকেআরের ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছেন জয় মেহতা

সংবাদ কলকাতা: আগামী আইপিএল মরসুমের আগেই মালিকানায় বড় পরিবর্তনের পথে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জয় মেহতা নিজের হাতে থাকা ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছেন মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে। প্রায় ৪০ কোটি ডলারের এই চুক্তি সম্পন্ন হলে কেকেআরের সামগ্রিক বাজারমূল্য পৌঁছে যাবে প্রায় ১৭৮ কোটি ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩,৭৪২ কোটি টাকার বিনিময়ে এই শেয়ার হস্তান্তর হতে চলেছে। সম্পূর্ণ নগদ অর্থে লেনদেনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। তার অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করবেন তিনি। অন্য দিকে, শাহরুখ খানের হাতে থাকবে সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ মালিকানা। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলাও।

এই চুক্তির ফলে বিসিসিআইয়ের কোষাগারেও আসবে বড় অঙ্কের অর্থ। বর্তমান নিয়ম অনুযায়ী, শেয়ার বিক্রির অর্থের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই হিসাবে প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা পাওয়ার কথা বিসিসিআইয়ের।

২০০৭ সালে আইপিএলের প্রথম মরসুমের আগে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা হয়েছিল। তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর উদ্যোগে শুরু হওয়া সেই প্রক্রিয়ার পর শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা একসঙ্গে তৈরি করেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’। সেই থেকে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছে কেকেআর।



অ্যারেস ম্যানেজমেন্টের ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ

আমেরিকার অন্যতম বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করে আসছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং আমেরিকার জাতীয় ফুটবল লিগের দল মায়ামি ডলফিনসের সঙ্গেও তাদের অংশীদারিত্ব রয়েছে। ক্রিকেটেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে এই সংস্থা। ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকও অ্যারেস। কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ওই দলের মালিকানায় রয়েছে তারা। কেকেআরে বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটে তাদের ব্যবসায়িক পরিসর আরও বাড়তে চলেছে।

আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তুলনা

সাম্প্রতিক সময়ে আইপিএলের দলগুলির মালিকানা এবং বাজারমূল্য নিয়ে একাধিক বড় অঙ্কের লেনদেন হয়েছে। রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের মূল্য ধরা হয়েছিল প্রায় ১৫,৬৬০ কোটি টাকা। অন্য দিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য দাঁড়িয়েছিল প্রায় ১৬,৬৬০ কোটি টাকা। সেখানে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপের পাশাপাশি মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চারসের বিনিয়োগ রয়েছে।

২০২২ সালে গুজরাত টাইটান্স অধিগ্রহণ করেছিল সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজির ৩৩ শতাংশ অংশীদারি নিজেদের হাতে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে হস্তান্তর করে তারা।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে খেতাব জিতেছে শাহরুখ খানের দল। এ বার জয় মেহতার শেয়ার বিক্রির খবর ঘিরে নতুন করে আলোচনায় নাইট শিবির। চুক্তি সম্পন্ন হলে কেকেআরের মালিকানায় যুক্ত হবে আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট। ফলে আইপিএলের বাণিজ্যিক দুনিয়াতেও নতুন সমীকরণ তৈরি হতে চলেছে।

Related posts

Leave a Comment