নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর— রাজ্যে পালাবদলের পর প্রায় ছ’মাস কেটে গেলেও তোলাবাজি ও দখলদারির অভিযোগে অস্বস্তি কাটছে না বঙ্গ বিজেপির। দলের নিচুতলার একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। তোলাবাজি নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ উঠল দলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণকে। তাঁর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা প্রতারণা ও তোলাবাজির অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে টাকা তুলতেন অভিজিৎ। শুধু চাকরির টোপ নয়, বিভিন্ন নির্বাচনে প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও একাধিক রাজনৈতিক নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়েও এই টাকা তোলার কারবার চলছিল বলে অভিযোগ।
অভিযোগ, খঞ্চির আরও এক বিজেপি নেতার কাছ থেকেও একই কায়দায় প্রায় ৬ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। একের পর এক প্রতারণার অভিযোগ সামনে আসার পর নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাটি সামনে আসতেই কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে অভিযোগকারীদের দাবি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছেও নির্দেশ পৌঁছয় বলে জানা গিয়েছে। এরপরই পুলিশ অভিজিৎ করণকে গ্রেপ্তার করে।
পালাবদলের পর দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে এমনিতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কর্মীদের সতর্ক করেছেন। তার মধ্যে এক মণ্ডল স্তরের নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা তোলার অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বিচারাধীন।
previous post
next post
