November 16, 2026
রাজ্য

বিলকিস বানো মামলায় দুই আসামির জামিন

সংবাদ কলকাতা: বিলকিস বানো গণধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামির সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন জেলবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে তাঁদের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দুই আসামি বিপিনচাঁদ জোশী ও প্রদীপ মোধিয়া প্রায় ১৭ বছর ধরে কারাবন্দি রয়েছেন।

২০০২ সালে গোধরা-কাণ্ডের পর গুজরাতে সাম্প্রদায়িক অশান্তির সময় ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন বিলকিস বানো ও তাঁর পরিবার। ৩ মে দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বিলকিস। তাঁকে গণধর্ষণ করা হয়। তাঁর চোখের সামনেই মাত্র তিন বছরের মেয়েকে পাথরে আছড়ে খুন করে হামলাকারীরা। পরিবারের আরও কয়েক জন সদস্যকেও হত্যা করা হয়।

এই নৃশংস অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ বলে উল্লেখ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৮ সালের ২১ জানুয়ারি মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। পরে মামলা চলাকালীন এক জনের মৃত্যু হয়। ২০১৭ সালে বম্বে হাই কোর্টও সাজা বহাল রাখে।

এ বার ওই মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি বিপিনচাঁদ জোশী ও প্রদীপ মোধিয়া ২০১৭ সালে বম্বে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ২৮ অক্টোবর তাঁদের আবেদনের শুনানিতে জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।


অন্য দিকে, সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে জামিনের আবেদনের বিরোধিতা করেন। তবে দুই আসামির দীর্ঘদিন কারাবাস এবং তাঁদের মধ্যে একজনের বিশেষ ভাবে সক্ষম হওয়ার বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত জামিনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বিলকিস বানো মামলায় শীর্ষ আদালতের এই নির্দেশ নতুন করে আইনি ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিতে পারে। তবে জামিনের নির্দেশের অর্থ সাজা থেকে অব্যাহতি নয়। মামলায় তাঁদের দণ্ড বহাল থাকলেও আপাতত কারাগারের বাইরে থাকার সুযোগ পেলেন দুই আসামি।

Related posts

Leave a Comment