November 16, 2026
রাজ্য

নার্সদের গাফিলতিতে ভেন্টিলেশনে বৃদ্ধা!

সংবাদ কলকাতা: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৭ বছরের বৃদ্ধা। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছিল স্ট্রোকের বিশেষ ওয়ার্ডে। কিন্তু অভিযোগ, রোগীর রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে গেলেও কর্তব্যরত নার্সদের বারবার জানিয়েও মেলেনি প্রয়োজনীয় সাড়া। উল্টে রোগীর ছেলেকেই স্ট্রোকের প্রকারভেদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত সময়মতো চিকিৎসা শুরু না হওয়ায় বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন ওই বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র করে কলকাতার এসএসকেএম হাসপাতালের অধীন অ্যানেক্স রামরিক হাসপাতালের নার্সদের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৭৭ বছরের অঞ্জনা মান্নাকে গত সোমবার রাত ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন তাঁর ছেলে উৎপল মান্না। স্নায়ুরোগের চিকিৎসার জন্য তাঁকে অ্যানেক্স রামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে নিউরো মেডিসিন বিভাগের অধীন হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিটে রাখা হয়েছিল তাঁকে।

উৎপল পেশায় একজন মেডিক্যাল টেকনোলজিস্ট। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মাকে দেখতে গিয়ে বেডের পাশে থাকা রক্তচাপ মাপার যন্ত্রে নজর পড়ে তাঁর। সেখানে রক্তচাপের পরিমাণ ছিল ১৮৫/৯০। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে বুঝতে পেরে দ্রুত ওয়ার্ডে কর্তব্যরত দুই নার্সকে বিষয়টি জানান তিনি।



কিন্তু উৎপলের অভিযোগ, তাঁর উদ্বেগকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে এক নার্স তাঁকে বলেন, ‘আমাকে বলছেন কেন? চিকিৎসকের সঙ্গে কথা বলুন!’ এরপর উৎপল নিজের পেশাগত পরিচয় জানিয়ে বলেন, তিনিও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযোগ, সেই কথা শুনে ওই নার্স তাঁকেই স্ট্রোক সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। এমনকি জানতে চান, ‘আপনি কি সব জানেন? বলুন তো স্ট্রোক ক’প্রকার?’

উৎপলের দাবি, মায়ের রক্তচাপ বাড়ছে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন রয়েছে, বারবার সেই কথা জানানো সত্ত্বেও নার্সদের তরফে কোনও তৎপরতা দেখা যায়নি। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে দেখে তাঁর ভাই ওয়ার্ড থেকে নীচে নেমে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

এর মধ্যেই ওয়ার্ডে থাকা পরিবারের অন্য সদস্যরা জানান, অঞ্জনা মান্নার রক্তচাপ আরও বেড়ে ২২০/৯৫ হয়ে গিয়েছে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে বলে জানিয়েছেন উৎপল।

এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও নার্সদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা। উৎপলের বক্তব্য, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা শুরু হলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। সরকারি স্বাস্থ্য পরিষেবায় এসএসকেএমের গুরুত্ব এবং সুনামের কথা মাথায় রেখে এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে তাঁর দাবি।

যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট নার্সদের বক্তব্য বা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

Related posts

Leave a Comment