November 16, 2026
দেশ বিদেশ

বাস দুর্ঘটনায় স্পিডোমিটার বিকল করার অভিযোগ

গুয়াহাটি—অসমের কাজিরাঙায় ভয়াবহ বাস দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, বাসের গতি নিয়ন্ত্রণের যন্ত্র স্পিডোমিটার ইচ্ছাকৃত ভাবে বিকল করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, বাসের কত দূরত্ব চলেছে, তার হিসাব রাখার যন্ত্রটিও অকেজো করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারী সূত্রের দাবি, বাসের মালিক আঞ্জির আলি এবং চালক দু’জনে মিলে এই কাজ করেছিলেন। দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বাসমালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর হাতিকুলি চা বাগানের কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবোঝাই ট্রাভেলার বাসটির। ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই কলেজপড়ুয়া। আহত হন আরও ২০ জন। প্রাথমিক তদন্তে জানা যায়, অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বাসচালক। তার জেরেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে একাধিক গুরুতর গাফিলতির অভিযোগ।

তদন্তকারীদের সন্দেহ, বাসের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা অকেজো করে রাখার পিছনে উদ্দেশ্য ছিল নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো এবং দীর্ঘ সময় ধরে সেটিকে ভাড়ায় খাটানো। একই সঙ্গে গাড়ির চলাচলের দূরত্বের হিসাবও যাতে পাওয়া না যায়, সেই ব্যবস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। ফলে বাসটির প্রকৃত ব্যবহার এবং রাস্তায় চলাচলের সময়সীমা যাচাই করা কঠিন হয়ে পড়ে।

তদন্তে আরও জানা গিয়েছে, অতীতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাসটির বিরুদ্ধে একাধিক বার জরিমানা করা হয়েছিল। মোট ১২ বার জরিমানার মুখে পড়তে হয় গাড়িটিকে। বিভিন্ন ঘটনায় জরিমানার অঙ্ক দাঁড়িয়েছিল ৩৮ হাজার টাকা। গোলাঘাটের জেলা পরিবহণ দপ্তর সূত্রে খবর, চলতি বছরের ৩ মার্চ যোরহাটে বাসটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

এতবার ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ওঠার পরেও বাসটির বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবার জরিমানা করেই কি দায়িত্ব শেষ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কেন বাসটির চলাচলের অনুমতি, যান্ত্রিক অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়নি, সেই প্রশ্নও সামনে এসেছে।

২৬ জনের মৃত্যুর পর বাসমালিকের গ্রেপ্তারি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, স্পিডোমিটার-সহ একাধিক যন্ত্র বিকল করার ঘটনায় আর কেউ যুক্ত ছিলেন কি না এবং পরিবহণ দপ্তরের নজরদারিতে কোনও গাফিলতি ছিল কি না। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণে সেই তদন্তই এখন গুরুত্বপূর্ণ।

Related posts

Leave a Comment