November 15, 2026
দেশ বিদেশ

উত্তরপ্রদেশে ১৮১ আসন চায় কংগ্রেস, কী বললেন অখিলেশ?

লখনউ— ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে আসন বণ্টন নিয়ে টানাপড়েন ক্রমশ বাড়ছে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জল্পনার মধ্যেই বড় তথ্য সামনে আনলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টিতে লড়তে চায় কংগ্রেস। তবে কংগ্রেসের এই দাবি মেনে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। একই সঙ্গে বিজেপিকে হারাতে ‘ইন্ডিয়া’ জোট একসঙ্গেই নির্বাচনে লড়বে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অখিলেশ।

শনিবার দিল্লিতে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সমাজবাদী পার্টির প্রধান। সেখানে কংগ্রেসের আসন দাবির বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরপ্রদেশে কংগ্রেস ১০০টি আসনে লড়তে চাইছে কি না, জানতে চাওয়া হলে অখিলেশ জানান, সংখ্যাটা তার চেয়ে বেশি। এরপর ২০০টি আসনের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, তার চেয়ে কিছুটা কম। শেষ পর্যন্ত কংগ্রেসের দাবির সংখ্যা ১৮১ বলে জানান তিনি।

তবে সমাজবাদী পার্টি কতগুলি আসনে লড়বে, সেই প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, তাঁদের দলের আসন সংক্রান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে নিয়েই উত্তরপ্রদেশে বিজেপিকে পরাজিত করার লক্ষ্য রয়েছে তাঁদের। আসন্ন বিধানসভা নির্বাচনে রামমন্দিরের প্রণামী সংক্রান্ত দুর্নীতির অভিযোগও অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতার ইতিহাস অবশ্য খুব একটা মসৃণ নয়। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। কিন্তু জয় এসেছিল মাত্র সাতটি আসনে। অন্যদিকে, অখিলেশের দল পেয়েছিল ৪৭টি আসন। নির্বাচনে বিপর্যয়ের পর ভেঙে যায় দুই দলের জোট।


এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির সঙ্গে হাত মিলিয়েও প্রত্যাশিত সাফল্য পায়নি সমাজবাদী পার্টি। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে ৩৯৯টি আসনে লড়ে জয় পেয়েছিল মাত্র দু’টিতে। অন্যদিকে, ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টিতে জয়ী হয়েছিল এসপি।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ছবিটা বদলে যায়। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ে উল্লেখযোগ্য সাফল্য পায় অখিলেশের দল। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে এসপি-কংগ্রেস জোটের ঝুলিতে আসে ৪৩টি আসন। বিজেপিকে পিছনে ফেলে রাজ্যের বৃহত্তম দল হিসেবে উঠে আসে সমাজবাদী পার্টি। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতেই এবার জোট অটুট রাখার পক্ষপাতী অখিলেশ।

যদিও আসন বণ্টন নিয়ে দুই শরিকের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এসপি সাংসদ ইকরা হাসান দাবি করেছিলেন, অখিলেশ যাদবই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখেন। কংগ্রেসের একার পক্ষে বিশেষ কিছু করা সম্ভব নয়। তাই রাহুল গান্ধীর দলকে ৪০টির বেশি আসন ছাড়ার প্রয়োজন নেই। পাল্টা কংগ্রেসের উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি তথা সাংসদ ইমরান মাসুদ দাবি করেন, কংগ্রেসকে বাদ দিয়ে রাজ্যে বিজেপিকে হারানো সম্ভব নয়।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, উত্তরপ্রদেশে ১৭০টি আসনে লড়ার প্রস্তাব দিয়ে তালিকা তৈরি করেছে কংগ্রেস। সেই আসনগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’— এই চার ভাগের মধ্যে ‘এ’ শ্রেণির আসনগুলিতে কোনও পরিবর্তন চায় না কংগ্রেস। দলের একটি সূত্রের দাবি, ওই আসনগুলি নিয়ে মোটের উপর সমঝোতা হয়ে গিয়েছে। বাকি আসনগুলির ভাগাভাগি নিয়েই দুই দলের মধ্যে দর কষাকষি চলার সম্ভাবনা রয়েছে।

এদিকে, অখিলেশের জোট অক্ষুণ্ণ রাখার বার্তার মধ্যেই উত্তরপ্রদেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আসাদুদ্দিন ওয়েইসির মিম এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) হাত মিলিয়েছে। দলিত ও সংখ্যালঘু ভোটকে একজোট করার লক্ষ্য নিয়ে দুই দলই রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে ২০২৭ সালের নির্বাচনে বিজেপির পাশাপাশি বিরোধী শিবিরের ভোটের সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Related posts

Leave a Comment