সিকিম— ভারত-চিন সীমান্তে রহস্যময় এক বিমানের গতিবিধি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের দাবি, গত ১২ নভেম্বর চিনের দিক থেকে সিকিম সীমান্ত পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে সেটি ভারতীয় আকাশে চক্কর কাটে। ভারতীয় বায়ুসেনার তরফে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও বিমানটি সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে যায়নি বলে খবর। তবে বিমানটি কোন দেশের বা কোন বাহিনীর ছিল, কী উদ্দেশ্যে সেটি ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল, তা এখনও নিশ্চিত নয়।
সেনা সূত্রের দাবি, যে এলাকায় বিমানটির গতিবিধি ধরা পড়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের উপর নজরদারি চালানো সম্ভব। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের অন্যতম প্রধান সংযোগপথ এই করিডর। সামরিক ও কৌশলগত দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে সিকিম সীমান্তে কোনও বিদেশি বিমানের এমন গতিবিধি স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্রের খবর, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। সকাল ৮টা নাগাদ বায়ুসেনার রাডারে তার উপস্থিতি ধরা পড়ে। এরপর একাধিকবার রেডিয়ো বার্তার মাধ্যমে বিমানটিকে ভারতের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, সতর্কবার্তার পরেও সেটি বেশ কিছুক্ষণ ভারতীয় আকাশে অবস্থান করে। স্থানীয় কয়েকজনের দাবি, বিমানটি চিনের সামরিক বাহিনীর হতে পারে। এমনকি সেটি নজরদারি চালানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলেও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। যদিও এই দাবির পক্ষে এখনও কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।
ভারতীয় বায়ুসেনার তরফে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে একাধিক সূত্রের মাধ্যমে ঘটনার কথা সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম এই খবর প্রকাশ্যে আনে ‘আউটলুক’। বিমানটির পরিচয় এবং ভারতের আকাশসীমায় প্রবেশের উদ্দেশ্য জানতে সংশ্লিষ্ট মহলে খোঁজখবর চলছে।
ঘটনার সময়কাল নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। গত ৮ নভেম্বর সিকিমে ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান, পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার-সহ সামরিক বাহিনীর একাধিক শীর্ষ আধিকারিক। তার আগের দিনই শিলিগুড়িতে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেই সফরের মাত্র তিন দিনের মাথায় চিন সীমান্তে সন্দেহজনক বিমানের গতিবিধির খবর সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
অন্যদিকে, বিমানের ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশসীমায় চক্কর কাটার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তাদের একাংশ। তাঁদের বক্তব্য, কোনও বিদেশি বিমান অল্প সময়ের জন্য ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে থাকতে পারে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে সেটি অবস্থান করলে ভারতীয় বায়ুসেনার প্রতিক্রিয়া আরও দ্রুত ও দৃশ্যমান হওয়ার কথা। তাঁদের মতে, হাসিমারা-সহ আশপাশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান পাঠিয়ে সন্দেহজনক বিমানটিকে মাঝ আকাশেই ঘিরে ফেলার সুযোগ ছিল।
তবে প্রাক্তন বায়ুসেনা কর্তাদের একাংশের এই প্রশ্নের মধ্যেও একটি বিষয়ে উদ্বেগ রয়েছে। তাঁদের মতে, অনুপ্রবেশের সময়কাল যত কমই হোক, চিন সীমান্তের মতো সংবেদনশীল এলাকায় কোনও অজ্ঞাতপরিচয় বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন নজর, বায়ুসেনার তদন্তে বিমানটির পরিচয় এবং এই রহস্যময় উড়ানের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কী তথ্য সামনে আসে।
