November 13, 2026
খেলা

ভারতের ইনিংসে ধস, ২৪৪ রানে জয় নিউজিল্যান্ডের

বে ওভাল— নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে চরম বিপর্যয়ের মুখে পড়ল ভারত। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কোনও রান না করে তিন উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার— তিন তারকাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ২৬.৪ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ২৪৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ করল নিউজিল্যান্ড।

৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের প্রয়োজন ছিল শক্তিশালী শুরু। কিন্তু প্রথম ওভারেই সব হিসাব ওলটপালট হয়ে যায়। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম ওভারেই পরপর উইকেট হারায় ভারত। প্রথম পাঁচ বলের মধ্যেই শূন্য রানে আউট হন রোহিত ও কোহলি। ওভারের শেষ বলে শ্রেয়স আয়ারও এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ফলে এক রানও ওঠার আগে তিন উইকেট হারিয়ে নজিরবিহীন বিপাকে পড়ে ভারত।

ভারতের ব্যাটিং বিপর্যয়ের মূল কারিগর হেনরি। ২৭ রান দিয়ে একাই ছ’টি উইকেট তুলে নেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ম্যাথিউ ফিশার। ৩১ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। কাইল জেমিসন পান একটি উইকেট। শুরুতেই তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি দু’জনেই শূন্য রানে আউট হয়েছিলেন। আবারও একই ঘটনা ঘটল। পাশাপাশি এক দিনের ক্রিকেটে পঞ্চমবার কোনও রান ওঠার আগেই তিন উইকেট হারানোর নজির তৈরি হল। চলতি বছর মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে একই পরিস্থিতিতে পড়েছিল অস্ট্রেলিয়া। এর আগে ১৯৮৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই লজ্জার নজির গড়েছিল যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশ।ভারতের হয়ে রুতুরাজ ব্যর্থ হন।

কাইল জেমিসনের বলে মাত্র পাঁচ রান করে আউট হন তিনি। ফলে ৯ রানে চার উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর ঈশান কিশন, অক্ষর পটেল এবং নমন ধীর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ঈশান ৫৩ বলে ২৭ রান করেন। অক্ষরের সংগ্রহ ৩৬ বলে ২১। নমন ধীর ২৪ বলে ২১ রান করেন। তবে তাঁদের এই লড়াই পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনও কাজে আসেনি। আকিব নবি পাঁচ, কুলদীপ যাদব এক এবং গুরনুর ব্রার দুই রান করে আউট হন।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে দুরন্ত শতরান করেন ওপেনার উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। অন্য ওপেনার টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও তিনটি ছয়।

এ ছাড়া অ্যালেন ৩০ বলে ৪১ রান করেন। মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ২৪ রান। ক্রিস্টিয়ান ক্লার্ক করেন ২২। কাইল জেমিসন ১৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে ভারতীয় বোলাররা ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। পিচে বিশেষ সুইং না থাকলেও কিউয়ি ব্যাটাররা বড় রান তুলতে সক্ষম হন। ফিল্ডিংয়েও ভুল করেন ভারতীয় ক্রিকেটাররা। স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া করেন রোহিত শর্মা।

ভারতের হয়ে অক্ষর পটেল ৩৯ রান দিয়ে দুটি উইকেট নেন। আকিব নবি ৫৯ রানে দুটি এবং গুরনুর ব্রার ৬৯ রানে দুটি উইকেট পান। নমন ধীর ২৯ রান দিয়ে একটি উইকেট নেন। আর্শদীপ সিং ৫৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ব্যবধান কমিয়ে ২-১ করল নিউজিল্যান্ড। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়াই এখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ।

Related posts

Leave a Comment