সংবাদ কলকাতা: কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বুধবার ভাইফোঁটা। কিন্তু উৎসবের আনন্দের মাঝেও আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। অন্যদিকে, হাওড়ার কিছু এলাকায় শিলাবৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রকাশিত আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।
উৎসবের মরসুমে বৃষ্টির এই পরিস্থিতি ভাইফোঁটার প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর, আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা নেই। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার আবহাওয়ার উন্নতি হতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতিও আপাতত স্বাভাবিক থাকার সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বড় ধরনের দুর্যোগের আশঙ্কাও আপাতত করছে না হাওয়া অফিস।
এদিকে, নিম্নচাপের প্রভাব কাটায় রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। নতুন করে কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতাও নেই। আগে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবর কথা জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের সর্বশেষ বুলেটিনে সেই পূর্বাভাসে পরিবর্তন এসেছে। ফলে ভাইফোঁটার দিন বৃষ্টির বাধা ছাড়াই উৎসব পালনের আশা করছেন সাধারণ মানুষ।
previous post
next post
