31 C
Kolkata
October 26, 2026
রাজ্য

কলকাতা পুরভোট: প্রার্থী বাছাইয়ে কড়া এসওপি বিজেপির

কলকাতার পুরভোটের প্রস্তুতিতে এবার নির্দিষ্ট নিয়ম ও কাঠামোর ওপর কড়া জোর দিচ্ছে রাজ্য বিজেপি। পুরভোটের ইনচার্জ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এসওপি (SOP) বা নির্দিষ্ট সাংগঠনিক পদ্ধতি। সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ, জনপ্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই প্রার্থী বাছাই করা হচ্ছে। দলের কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক— যে কেউ যাতে প্রার্থী হওয়ার আবেদন জানাতে পারেন, তার জন্য ড্রপবক্সের ব্যবস্থাও করা হয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর প্রার্থীর নাম জমা পড়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্ড স্তর থেকে শুরু করে জেলা এবং রাজ্য স্তর— সংগঠনের প্রতিটি ধাপে বিস্তারিত মতামত নিয়ে প্রার্থীর নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে বেশ কিছু ক্ষেত্রে পুরনো ও পরীক্ষিত মুখগুলির নাম প্রায় নিশ্চিত বলেই দলীয় মহলে চর্চা চলছে। যেমন— ৫০ নম্বর ওয়ার্ডে সজল ঘোষ, ২২ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত, ২৩ নম্বর ওয়ার্ডের বিজয় ওঝা, কিংবা চৌরঙ্গী বিধানসভায় ভালো ভোট বাড়ানো সন্তোষ পাঠক ও ৪২ নম্বর ওয়ার্ডের সুনীতা ঝাওয়ারের মতো নামগুলির ক্ষেত্রে অন্য কোনো বিকল্প নিয়ে ভাবার সম্ভাবনা অত্যন্ত কম।



অন্য দিকে, সদ্য তৃণমূল ছেড়ে আসা বা শাসকদলের প্রাক্তন কাউন্সিলরদের বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা তৈরি হয়েছে। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়ের এনসিপিআই-তে যোগদানের পর তাঁদের অনুগামী কিছু কাউন্সিলরকে বিজেপির টিকিট দেওয়ার জন্য প্রভাবশালী মহলে সুপারিশ পৌঁছানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, এমন কোনো নামের তালিকা দলের কাছে নেই। ইনচার্জ সুকান্ত মজুমদারও স্পষ্ট করে দিয়েছেন যে, তৃণমূল থেকে কাউকে এনে টিকিট দিতে তাঁরা বিন্দুমাত্র আগ্রহী নন। দলের নিজস্ব এসওপি এবং স্বচ্ছ ভাবমূর্তির মাপকাঠিতেই যে প্রার্থী বাছাই হবে, তা এ দিনও পুনর্ব্যক্ত করেছে রাজ্য নেতৃত্ব।

Related posts

Leave a Comment