বঙ্গবাসীর জন্য দারুণ সুখবর! দীপাবলির আগেই চালু হলো সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর (খাতিপুরা) রুটে বিশেষ সাপ্তাহিক ট্রেন পরিষেবা। ভার্চুয়ালি মাধ্যমে সাঁতরাগাছি-খাতিপুরা এই নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী জানান, আগে জয়পুরের ট্রেন ধরতে কলকাতার বাসিন্দাদের খড়গপুর যেতে হতো, কিন্তু এখন সাঁতরাগাছি ও টাটানগর থেকেই সরাসরি রাজস্থান যাওয়ার এই সুব্যবস্থা চালু হলো|

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে চালু করা এই ট্রেনটিতে ১৬টি আধুনিক এলএইচবি (LHB) কামরা থাকছে, যার মধ্যে ৮টি স্লিপার, ১টি থ্রি-এসি এবং ৩টি থ্রি-এসি ইকোনমি কোচ অন্তর্ভুক্ত। সময়সূচি অনুযায়ী, প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে পরদিন বৃহস্পতিবার রাত ১১টায় ট্রেনটি খাতিপুরা পৌঁছবে। পুনরায় শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে খাতিপুরা থেকে ছেড়ে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি সাঁতরাগাছি ফিরবে। এটি খড়গপুর, টাটানগর, পুরুলিয়া, রাঁচি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং প্রয়াগরাজ হয়ে যাতায়াত করবে।
উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কলকাতার মেট্রো প্রকল্পগুলির দ্রুত উদ্বোধনের আহ্বান জানান। এ ছাড়া, গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ চালুর বিষয়েও রেলমন্ত্রীর কাছে আর্জি পেশ করেন তিনি।
