সংবাদ কলকাতা:— ব্রিসবেন থেকে দীর্ঘ প্রায় ৮,৯০০ কিলোমিটার পথ পেরিয়ে বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পা রাখছে ব্রাজিল ফুটবল দল। চার্টার্ড বিমানে প্রায় ৯০ জনের দল আসছে। দলের সঙ্গে থাকছেন কোচ কার্লো আনসেলোত্তি, কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। ব্রাজিলের তারকা ফুটবলারদের আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে কলকাতায়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ফিফা ফ্রেন্ডলি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার সময় ব্রাজিলের সমর্থনে গলা ফাটান বাংলার ফুটবলপ্রেমীরা। এ বার সেই প্রিয় দলের তারকাদের চোখের সামনে দেখার সুযোগ। শনিবার যুবভারতীর গ্যালারিতে কতটা উন্মাদনা তৈরি হয়, তা দেখার অপেক্ষায় গোটা শহর।

তবে কলকাতায় আসার আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা রাফিনহার চোট। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড চোটের কারণে কলকাতার ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ব্রিসবেন থেকেই তাঁকে বার্সেলোনায় ফিরে যেতে হয়েছে। ফলে শনিবার যুবভারতীতে রাফিনহার খেলা দেখার সুযোগ থাকছে না সমর্থকদের।
রাফিনহার অনুপস্থিতিতে স্বাভাবিক ভাবেই ব্রাজিলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের পর থেকেই ভারতে রিয়াল মাদ্রিদের এই তারকার জনপ্রিয়তা বিপুল বেড়েছে। ব্রাজিল কলকাতায় আসছে জানার পর থেকেই সমর্থকদের অন্যতম বড় প্রশ্ন ছিল, ভিনিসিয়াস আসবেন কি না। সেই প্রশ্নের উত্তর মিলেছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতার মাটিতে পা রাখছেন ভিনি।
টিকিটের চড়া দামের কারণে অনেকের মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ না হলেও, কলকাতায় এসে ভিনিসিয়াস কী করেন এবং শনিবার ভারতের বিরুদ্ধে কেমন খেলেন, তা নিয়ে আগ্রহের কমতি নেই।
দশ বছর পর ফের ভারতে ভিনিসিয়াস
তবে কলকাতায় ভিনিসিয়াসের আগমন তাঁর প্রথম ভারত সফর নয়। এর আগে ২০১৬ সালেও ভারতে এসেছিলেন তিনি। তখন তাঁর বয়স মাত্র ১৬। রিয়াল মাদ্রিদের তারকা হয়ে ওঠা তো দূরের কথা, তখনও ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমির প্রতিভাবান কিশোর হিসেবে পরিচিতি তৈরি করছিলেন ভিনি।
২০১৬ সালে গোয়ায় আয়োজিত প্রথম ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ভারত, চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিল ব্রাজিল। চারটি ম্যাচেই জয় পেয়েছিল তারা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।
সেই প্রতিযোগিতায় ভিনিসিয়াস করেছিলেন চারটি গোল। তার মধ্যে একটি এসেছিল ভারতের বিরুদ্ধেও।
ভারতের বিরুদ্ধে ম্যাচটি অবশ্য ব্রাজিলের জন্য সহজ ছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রেনারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ১৯ মিনিটে কোমল থাটালের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে ভারত। বক্সের বাইরে থেকে নেওয়া সেই শটে বল জালে জড়িয়ে যায়। ব্রাজিলের বিরুদ্ধে কোনও ভারতীয় ফুটবলারের সেটিই ছিল প্রথম গোল।
এরপর ৩০ মিনিটে স্যান্টোস গোল করে ব্রাজিলকে ফের এগিয়ে দেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আট মিনিট আগে গোল করেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ভারতকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। সেই প্রতিযোগিতায় সেটিই ছিল ব্রাজিলের প্রথম গোল হজম করা ম্যাচ।
ফাইনালেও গোল করেছিলেন ভিনিসিয়াস। দক্ষিণ আফ্রিকাকে ৫-১ গোলে হারিয়ে ট্রফি জেতে ব্রাজিল। চার গোল করে প্রতিযোগিতার অন্যতম নজরকাড়া ফুটবলার হয়ে উঠেছিলেন সেই কিশোর ভিনি।
ভারত সফরের পরেই বদলে যায় জীবন
ভারত সফরের পরের বছরই ভিনিসিয়াসের জীবনে আসে বড় পরিবর্তন। ৪৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। সময়ের সঙ্গে সেই কিশোর প্রতিভাই হয়ে ওঠেন বিশ্বের অন্যতম পরিচিত ফুটবল তারকা।

দশ বছর পর সেই ভিনিসিয়াসই আবার ভারতে। তবে এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সে বার অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় ব্রাজিলের হয়ে খেলেছিলেন তিনি। এ বার রিয়াল মাদ্রিদের তারকা এবং ব্রাজিলের সিনিয়র দলের অন্যতম প্রধান মুখ হিসেবে যুবভারতীতে নামবেন।
ভারতীয় ফুটবলের জন্যও ম্যাচটি ঐতিহাসিক। কারণ এই প্রথম ভারতের বিরুদ্ধে সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল। ফলে শনিবারের ম্যাচ শুধু ব্রাজিলের তারকাদের দেখার সুযোগ নয়, ভিনিসিয়াসের ভারত-স্মৃতিরও নতুন অধ্যায় তৈরি হতে চলেছে। দশ বছর আগে যে দেশে কিশোর হিসেবে গোল করেছিলেন, সেই দেশেই এ বার বিশ্বের অন্যতম বড় ফুটবল তারকা হিসেবে ফিরছেন ভিনি।
