পরিবারের আপত্তি উপেক্ষা করে পছন্দের পুরুষকে বিয়ে করেছিলেন দমদমের বাসিন্দা রিয়া দেবনাথ। বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই বারাসতের শালবাগানে তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে দম্পতির মধ্যে অশান্তির পর শ্বশুরবাড়ি থেকে রিয়ার দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী প্রসেনজিৎ বসুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police Investigation)।
পেশায় বেসরকারি সংস্থার কর্মী রিয়ার সঙ্গে কাজের সূত্রে পরিচয় হয়েছিল বারাসতের শালবাগানের বাসিন্দা প্রসেনজিৎ বসুর। পরিবারের তরফে আপত্তি থাকলেও রিয়া তাঁর সঙ্গেই বিয়ের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করে টাকি রোড সংলগ্ন শালবাগানে সংসার পাতেন তাঁরা।

রিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই প্রসেনজিৎ মদ্যপ অবস্থায় মেয়েকে মারধর করতেন। পরে তাঁরা জানতে পারেন, এর আগে আরও দু’টি বিয়ে করেছিলেন তিনি। মঙ্গলবার রাতে অশান্তির খবর পেয়ে রিয়ার মা শালবাগানের বাড়িতে পৌঁছন। সেখানে খাটের উপর ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের দেহ দেখতে পান। ফলে ঘটনাটি আত্মহত্যা না খুন (Suspicious Death), তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়। তবে বারাসতে ময়নাতদন্ত না করে আরজি কর হাসপাতালে করার দাবি জানান রিয়ার মা। তা নিয়ে হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। ময়নাতদন্তের রিপোর্ট (Postmortem Report) পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে তদন্তকারীরা মনে করছেন।
