32 C
Kolkata
September 30, 2026
রাজ্য

বীরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটেকে পর্যটনকেন্দ্র করার ঘোষণা, মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— শিক্ষা ও সংস্কৃতি থেকে শুরু করে সরকারি পাঠাগার, সর্বত্র সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শনে গিয়ে এলাকার উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। বিদ্যাসাগরের জন্মভিটেকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তা, আলো, সংগ্রহশালা, পাঠাগার এবং রাত্রিবাসের ব্যবস্থা করার কথা জানান মুখ্যমন্ত্রী।

বীরসিংহে পৌঁছে বিদ্যাসাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে এই পুণ্যভূমিতে প্রথম বার আসতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সরকারি উদ্যোগে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলেও স্থানীয় বাসিন্দারা বাংলা সন-তারিখ অনুযায়ী তাঁর জন্মদিন পালন করেন বলেও জানান তিনি।

এ দিন বাল্যবিবাহ রুখে দেওয়ার সাহসী ভূমিকার জন্য তিন ছাত্রী নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্তকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁদের বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানা যায়। তিন ছাত্রী নিজেরাই সেই চেষ্টা প্রতিহত করে বিদ্যাসাগরের দেখানো পথের অনুসরণ করেছে বলে তাঁদের প্রশংসা করেন শুভেন্দু।

বীরসিংহের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিকল্পনা অনুযায়ী, এলাকার রাস্তা চওড়া করা হবে। রাতে থাকার ব্যবস্থা করা হবে। তৈরি হবে সংগ্রহশালা, পাঠাগার, আলো এবং শিশু উদ্যান। স্থানীয় মানুষের ব্যবহারের জন্য কমিউনিটি হল তৈরির পরিকল্পনাও রয়েছে।

পর্যটন দপ্তরকে রাত্রিবাসের জন্য আবাসিক হস্টেল তৈরির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। গবেষণার কাজে বীরসিংহে আসা মানুষদের থাকার জন্য বিশেষ কটেজ তৈরির পরিকল্পনাও রয়েছে। এর জন্য জেলা প্রশাসনকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিদ্যাসাগরের লেখা ও তাঁর শিক্ষাচিন্তার প্রসঙ্গ তুলে সরকারি ও স্কুলের পাঠাগারে তাঁর বই রাখার উপর জোর দেন শুভেন্দু। তিনি বলেন, বিদ্যাসাগর বিপুল জ্ঞানসম্পদ রেখে গিয়েছেন। তাই তাঁর লেখা বই বেশি করে পড়ানো এবং পাঠাগারগুলিকে সেই বইয়ে সমৃদ্ধ করা প্রয়োজন। এ প্রসঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়ার একটি বইয়ের নাম উল্লেখ করে রাজনৈতিক খোঁচাও দেন তিনি।

এ দিন বীরসিংহে যক্ষ্মা আক্রান্ত রোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের বন্যায় ঘাটালের ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। হেলিকপ্টারে করে মোহনপুর থেকে বীরসিংহে আসার সময় উপর থেকে বন্যাকবলিত এলাকা দেখেছেন বলে জানান শুভেন্দু। স্থানীয় বিধায়ক শীতল কপাটের প্রশংসাও করেন তিনি।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি জানান, পুজোর পর থেকেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এবং জুন মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি এগিয়ে রাখার লক্ষ্য নেওয়া হবে।

Related posts

Leave a Comment