নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: হাসপাতালে স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর বাড়িতে যখন খুশির আবহ, ঠিক তখনই নেমে এল চরম বিপর্যয়। সদ্য বাবা হওয়া যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়া এক ১৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা তরুণী সন্তান প্রসব করার পর তাঁর প্রকৃত বয়স জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। নাবালিকা প্রসূতির তথ্য মেলায় স্বাস্থ্যকেন্দ্রের তরফে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ পেয়েই হাসপাতালে পৌঁছায় বাগদা থানার পুলিশ এবং প্রসূতির স্বামী সুভান দাসকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে বাল্যবিবাহ ও পকসো (POCSO) আইনের ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাঁকে বনগাঁ আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, রাজ্যে বাল্যবিবাহ ও ১৮ বছরের কম বয়সে গর্ভধারণ রুখতে প্রশাসন অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়েছেন, নাবালিকা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন পকসো আইনে শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১০ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই কড়া বার্তার পর থেকেই জেলায় জেলায় অভিযান শুরু হয়েছে। কীভাবে ও কবে ওই নাবালিকাকে বিয়ে করেছিলেন সুভান, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে বাগদা থানার পুলিশ।
