30 C
Kolkata
September 20, 2026
খেলা

শুরুতেই পদক ভারতের! এশিয়ান গেমসে পদক-খাতা খুললেন সুচিকা

সংবাদ কলকাতা: এশিয়ান গেমসের শুরুতেই ভারতের পদক নিশ্চিত। তাও আবার এমন একটি খেলায়, যে খেলা এই প্রথম এশিয়ান গেমসের মঞ্চে জায়গা পেয়েছে। রবিবার মঙ্গোলিয়ার আলতানচিমেগ বায়গালমাকে ২-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের ট্র্যাডিশনাল মিক্সড মার্শাল আর্টসের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন ভারতের ৩৬ বছরের সুচিকা তারিয়াল। আর শেষ চারে ওঠার সঙ্গেই নিশ্চিত হয়ে গেল ভারতের প্রথম পদক।

সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত। কারণ, শেষ চারে পরাজিত দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ পদক দেওয়া হবে। ফলে সোমবার সেমিফাইনালে নামার আগেই পদক নিশ্চিত সুচিকার। তবে লড়াই থামছে না তাঁর। এবার লক্ষ্য ফাইনালের টিকিট কাটা।

মঙ্গোলিয়ার বায়গালমা ইউরেশিয়া অঞ্চলের ৯২ নম্বর র‌্যাঙ্কের প্রতিযোগী। কিন্তু তাঁকে নিয়ে বিশেষ সমস্যায় পড়তে হয়নি সুচিকাকে। শুরু থেকেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নেন ভারতীয় যোদ্ধা।


সুচিকার এই সাফল্য শুধু ভারতের পদক-খাতা খোলার ঘটনা নয়, তাঁর নিজের ক্রীড়াজীবনেও নতুন অধ্যায়ের সূচনা। জুডো, কুরাশ এবং জিউ-জিৎসুর পর এবার এমএমএ-তে তাঁর সাফল্য। ২০২২ কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ২০২৩ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন কুরাশে। এর পর ২০২৪ সালে জিউ-জিৎসু বিশ্বচ্যাম্পিয়নও হন সুচিকা।

এর পরেই অবশ্য খেলাধুলা থেকে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু বন্ধুদের উৎসাহে ফের প্রতিযোগিতায় ফিরে আসেন। নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নেন এমএমএ-কে। হাঁটুর চোট-সহ একাধিক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত এশিয়ান গেমসে এই খেলায় অভিষেক হয় তাঁর। আর অভিষেকেই ইতিহাস গড়লেন সুচিকা।


এর আগে এমএমএ-তে ফেরার বিষয়ে সুচিকা জানিয়েছিলেন, তাঁকে ফের প্রতিযোগিতায় নিয়ে আসার ক্ষেত্রে ভারতীয় যোদ্ধা পুজা তোমর এবং প্রাক্তন ওয়ান চ্যাম্পিয়নশিপ যোদ্ধা হিমাংশু কৌশলের বড় ভূমিকা ছিল। সুচিকার কথায়, ‘আমি হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম, ঠিক আছে, শেষ হয়ে গিয়েছে, এটাই যথেষ্ট। তার পর পুজা এবং হিমাংশু আমাকে এক বার চেষ্টা করে দেখতে জোর করেছিল। ওরা বলেছিল, আমার দক্ষতা ভাল এবং আমি দ্রুত বিষয়টা আয়ত্ত করে নিতে পারব। এই দু’জনই আমাকে এমএমএ-তে নিয়ে এসেছিল।’

এশিয়ান গেমসে এমএমএ-র অভিষেকেই তাই ভারতের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন সুচিকা। সোমবার সেমিফাইনালে তাঁর সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। পদক নিশ্চিত হলেও ৩৬ বছরের এই যোদ্ধার লক্ষ্য এখন আরও বড়—রুপো কিংবা সোনা।

Related posts

Leave a Comment