September 17, 2026
খেলা

মেসির ১০০ গোল, নতুন কোচের প্রথম ম্যাচেই ট্রফি মায়ামির

মায়ামি— তিন বছর আগে যে ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম গোল করেছিলেন, সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন লিওনেল মেসি। মেসির ১০০তম গোল এবং কাসেমিরোর হেডে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতে নিল ইন্টার মায়ামি। নতুন কোচ ক্রিস্চিয়ান ‘কিলি’ গঞ্জালেসের প্রথম ম্যাচেই ট্রফি এল মায়ামির ঘরে।

ম্যাচের শুরুতে অবশ্য চাপেই ছিল ইন্টার মায়ামি। প্রথম কয়েক মিনিটে একের পর এক আক্রমণ গড়ে তুলছিল ক্রুজ আজুল। তবে ২৪ মিনিটে লুই সুয়ারেসের ক্রস থেকে হেডে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন মেসি। সেই গোলের সঙ্গেই ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন আর্জেন্টিনার মহাতারকা।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ১১৫টি ম্যাচে এই নজির গড়লেন মেসি। কাকতালীয় ভাবে, মায়ামির জার্সিতে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিরুদ্ধেই।


দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ক্রুজ আজুল। গ্যাব্রিয়েল ফের্নান্দেসের হেড পোস্টে লেগে ফিরে আসে। রিবাউন্ড থেকে পারাদেলার শটও আটকে দেন মায়ামির ফুটবলাররা। একাধিক সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি মেক্সিকোর দল।

৮১ মিনিটে ইন্টার মায়ামির জয় কার্যত নিশ্চিত করে দেন কাসেমিরো। বাঁ দিক থেকে মেসির নেওয়া কর্নারে উঠে দুরন্ত হেডে বল জালে পাঠান ব্রাজিলীয় মিডফিল্ডার। মায়ামির হয়ে এটি তাঁর চতুর্থ গোল। সেই গোলের সঙ্গে চলতি মরসুমে মেসির অ্যাসিস্টের সংখ্যাও পৌঁছে যায় ১৫-তে।

শেষ দিকে ক্রুজ আজুল গোলের জন্য চাপ বাড়ালেও মায়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করতে পারেনি। সংযুক্ত সময়ে ফ্রি-কিক থেকে আসা বিপজ্জনক বলও দুর্দান্ত ভাবে বাঁচান কানাডার গোলরক্ষক। মোট ছ’টি সেভ করে ক্লিন শিট রাখেন তিনি।


নতুন কোচের প্রথম ম্যাচেই ট্রফি জয়ের পর উচ্ছ্বসিত গঞ্জালেস বলেন, ‘আমি কী অনুভব করছি, তা বোঝানোর মতো কোনও শব্দ নেই। আনন্দ, খুশি—অনেক আবেগ একসঙ্গে কাজ করছে। লিও আমাকে বলেছিল, ও আমাকে চ্যাম্পিয়ন করবে। ও নিজের কথা রেখেছে।’

মেসি ইন্টার মায়ামিতে আসার পর থেকে ক্লাবের ট্রফির তালিকাও দীর্ঘ হয়েছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জয়ের পর এ বার ক্যাম্পেওনেস কাপও যুক্ত হল মায়ামির ট্রফি ক্যাবিনেটে।

৩৯ বছর বয়সেও মেসির দাপট অব্যাহত। ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে আরও এক বার ফাইনালের নায়ক হলেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালে তাঁর গোলসংখ্যাও পৌঁছে গেল ২৩-এ।

Related posts

Leave a Comment