দিল্লি— হত্যা মামলায় জামিন পাওয়ার পর ‘বিজয় মিছিল’ বের করার অভিযোগে অভিযুক্ত বিশালের বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ হরিয়ানা পুলিশকে নির্দেশ দিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আদালতে হাজির করতে হবে। আদালত জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাঁকে হেফাজতে নেওয়া হয়নি।
পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট গত ২৩ এপ্রিল হত্যা মামলায় বিশালকে জামিন দিয়েছিল। পরে মামলার অভিযোগকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, জামিনে মুক্ত হওয়ার পর বিশাল মামলার সাক্ষীদের হুমকি দিয়েছেন। সেই অভিযোগও গুরুত্ব দিয়ে দেখেছে শীর্ষ আদালত।
৮ সেপ্টেম্বর মামলাটি শুনানির সময় বিশাল তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন। তখন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তাঁকে আগে আত্মসমর্পণ করতে হবে। এরপর নতুন করে জামিনের আবেদন করলে আদালত বিষয়টি শুনবে। একই সঙ্গে জামিন পাওয়ার পর ‘বিজয় মিছিল’ বের করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ।

আদালতের বক্তব্য, ‘আমরা আপনার কথা শুনব, তবে আগে আত্মসমর্পণ করুন এবং তারপর জামিনের আবেদন করুন। জামিন পাওয়ার পর বিজয় মিছিল করা ঠিক নয়।’
আদালত আরও জানতে পারে, গত আগস্টে বিশালের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু সেই পরোয়ানা এখনও কার্যকর করা হয়নি এবং পুলিশও তাঁকে গ্রেপ্তার করেনি। এরপরই চরখি দাদরি জেলার পুলিশ সুপারকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশ অনুযায়ী, পরোয়ানা কার্যকর করে বিশালকে আগামী ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হাজির করতে হবে।

জানা গিয়েছে, ২০২২ সালের ২৭ অক্টোবর জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, একটি বিতর্কিত জমিতে টিনের ছাউনি তৈরির কাজ শুরু করেছিলেন বিশাল। তা নিয়ে অভিযোগকারী রাজবালার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।
বচসা পরে উত্তেজনার আকার নেয়। অভিযোগ, সেই সময় বিশাল লাঠি ও কুঠার নিয়ে কয়েকজনের উপর হামলা করেন। হামলায় অভিযোগকারীর পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। সেই ঘটনার ভিত্তিতেই বিশালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
