September 4, 2026
দেশ

মোদির জন্মদিন ঘিরে বাংলায় মাসভর সেবা সংকল্প অভিযান, যুব সমাজের কাছে পৌঁছবে বিজেপি

সংবাদ কলকাতা:— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে বাংলায় বড়সড় জনসংযোগ কর্মসূচি হাতে নিল বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চালানোর পরিকল্পনা করা হয়েছে। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তরুণ সমাজ এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে দল।

এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘আশীর্বাদের প্রদীপ’। দলের পরিকল্পনা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ স্তরের কর্মীরা বিভিন্ন পরিবারের কাছে গিয়ে প্রদীপ জ্বালানোর জন্য আমন্ত্রণ জানাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ জনসেবামূলক জীবনের প্রতি কৃতজ্ঞতা এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পের প্রতীক হিসেবে এই প্রদীপ প্রজ্বলন করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

বুথ স্তরে জনসংযোগ আরও জোরদার করতে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা দলের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে তাঁদের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে মোদির জনকল্যাণমূলক কাজ ও বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন দলীয় কর্মীরা।

তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজ এবং বিকশিত ভারতের ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হবে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্কন এবং বক্তৃতা প্রতিযোগিতারও পরিকল্পনা রয়েছে। দলের বিভিন্ন গণসংগঠন এই কর্মসূচিতে অংশ নেবে।

শুধু সভা বা জনসংযোগ নয়, প্রচারে পথনাটককেও ব্যবহার করতে চলেছে বিজেপি। কমিউনিটি হল এবং জনবহুল এলাকায় প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং দেশের পরিবর্তনের বিষয় তুলে ধরে পথনাটক করা হবে। পাশাপাশি তৈরি হবে বিষয়ভিত্তিক গান ও সংক্ষিপ্ত তথ্যচিত্র।

বিধানসভা এলাকার ব্লক স্তরেও বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। ‘সেবা সেতু’ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে সহায়তা করার পরিকল্পনা রয়েছে। যোগ্য ব্যক্তিদের সরকারি প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নথিভুক্ত করার উদ্যোগও থাকবে এই শিবিরে।

সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলা এই কর্মসূচিতে পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের মতো একাধিক সামাজিক কর্মসূচিও রাখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপির লক্ষ্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে শুধু দলীয় কর্মসূচি নয়, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়ানো এবং সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া।

Related posts

Leave a Comment