নন্দীগ্রাম: জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরের পর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যাওয়ার কথা তাঁর। ৩১ আগস্ট রেয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে।
নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুরের সার্বিক উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন পরিষেবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে খবর। সভায় নন্দীগ্রাম বিধানসভা এলাকার জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা এবং পরিষেবা প্রদান করা হতে পারে। হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জল্পনা রয়েছে। পাশাপাশি নন্দীগ্রাম ও বিরুলিয়া থেকে কলকাতাগামী জোড়া সরকারি বাস পরিষেবার উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে শনিবার সভাস্থল পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর সঙ্গে ছিলেন হলদিয়ার মহকুমাশাসক সুরভী সিংলা-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সভা নির্বিঘ্নে সম্পন্ন করতে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সভার আগে জেলার বিভিন্ন দপ্তরও নিজেদের তথ্য ও নথি প্রস্তুত করছে। উন্নয়ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং বরাদ্দ অর্থ কী ভাবে ব্যবহার হয়েছে—সবকিছুর খতিয়ান তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক মহলেও মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। বিজেপির তরফেও নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। ফলে প্রশাসনিক সফর হলেও রাজনৈতিক দিক থেকেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নন্দীগ্রামে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকা খতিয়ে দেখে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন আধিকারিকরা।
previous post
