28 C
Kolkata
August 31, 2026
কলকাতা

আফতাবের সেল থেকে বিপুল ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার

প্রেসিডেন্সি জেলে বসেই বিদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ?

সংবাদ কলকাতা: জেলের চার দেওয়ালের মধ্যে থেকেও নিজের যোগাযোগের জাল সক্রিয় রেখেছিল কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি। আমেরিকান সেন্টারে হামলার মূলচক্রী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই বন্দির সেল থেকে বিপুল ইলেকট্রনিক সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে আফতাবের সেল থেকে দুটি স্মার্টফোন, একটি আইফোন, দুটি রাউটার, একটি হটস্পট যন্ত্র, ১২৮ জিবির পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার হয়েছে।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রী ব্যবহার করে আফতাব বিদেশে যোগাযোগ রাখত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তান এবং দুবাইয়ের সঙ্গে যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্র ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

পুলিশের সন্দেহ, জেলের ভিতরে বসেই ফের নাশকতার কোনও পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি প্রেসিডেন্সি জেল থেকে পালানোর পরিকল্পনাও আফতাব করেছিল বলে তদন্তকারীদের কাছে তথ্য এসেছে। জেল থেকে বেরিয়ে পাকিস্তান অথবা দুবাইয়ে পালিয়ে আত্মগোপন করার পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

আফতাবের সঙ্গে জেলে কারা দেখা করতে আসত, কোন বন্দিদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত, তাঁদেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কয়েক দিন আগে জেলের ভিতরে কম্পিউটার ব্যবহারের অনুমতি চেয়েছিল আফতাব। যদিও সেই আবেদন নাকচ করে দেওয়া হয়।

আমেরিকান সেন্টারে হামলার পাশাপাশি খাদিম কর্তা অপহরণ মামলাতেও নাম জড়িয়েছিল আফতাবের। বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই বন্দির সেল থেকে একসঙ্গে এত সামগ্রী উদ্ধারের ঘটনায় জেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কী ভাবে ওই সামগ্রী তার কাছে পৌঁছল এবং সেগুলি ব্যবহার করে সে আর কী পরিকল্পনা করেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

Related posts

Leave a Comment