August 29, 2026
খেলা

পিছিয়ে পড়েও রেলওয়েকে হারিয়ে সুপার সিক্সের পথে মোহনবাগান

সংবাদ কলকাতা — কলকাতা লিগে ফের জয় পেল মোহনবাগান। রেলওয়ে এফসির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন। সুপার সিক্সে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই জয় মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের পরবর্তী পর্বের আরও কাছে পৌঁছে গেল মেরিনার্সরা।

ফাইনালে ডার্বি হারের পর জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল মোহনবাগান। শনিবার রেলওয়ে এফসির বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ছিল বাস্তব রায়ের দলের। অন্যদিকে, সুপার সিক্সের দৌড়ে থাকতে রেলওয়ের বিরুদ্ধেও জয় ছিল কার্যত বাধ্যতামূলক।


শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। কিয়ান নাসিরি ও মনবীর সিংয়ের যুগলবন্দিতে একের পর এক আক্রমণ তৈরি হলেও রেলওয়ের গোলরক্ষক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত পারফরম্যান্সে বারবার আটকে যায় সবুজ-মেরুনের আক্রমণ। সাহাল আবদুল সামাদও গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২০ মিনিটের মধ্যে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি মোহনবাগান। রেলওয়ের রক্ষণও বেশ জমাট ছিল। উল্টোদিকে সুযোগ পেলেই পালটা আক্রমণে উঠছিল রেলওয়ে। ৪১ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধেই গোল করে এগিয়ে যায় তারা। উমেশ মারান্ডির গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মোহনবাগান।

তবে বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় সবুজ-মেরুন। বক্সের মধ্যে ফাউলের কারণে পেনাল্টি পায় মোহনবাগান। স্পটকিক থেকে গোল করে স্কোর ১-১ করেন মনবীর সিং। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে মোহনবাগান। রেলওয়ের রক্ষণে চাপ বাড়িয়ে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। শেষ পর্যন্ত সেই চাপের সুফল মেলে এবং ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় সবুজ-মেরুন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাস্তব রায়ের দল।

এই জয়ের ফলে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে মোহনবাগানের অবস্থান আরও শক্ত হল। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পরের পর্বের যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মেরিনার্সরা।

Related posts

Leave a Comment