August 28, 2026
রাজ্য

রাখির মঞ্চে শুভেন্দুর কড়া বার্তা, নিশানায় যাদবপুর ও ‘বন্দে মাতরম’

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে কলকাতার মঞ্চ থেকে সরাসরি রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাখিকে সামাজিক বন্ধনের পাশাপাশি জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে তুলে ধরে পূর্বতন তৃণমূল সরকার এবং ‘দেশবিরোধী’ ও ‘বিচ্ছিন্নতাবাদী’ মানসিকতার অভিযোগে থাকা শক্তিগুলিকে আক্রমণ করেন তিনি।

ভবানীপুরের আম্বেদকর কলোনির অনুষ্ঠানে শুভেন্দু বলেন, রাখি শুধু সুতো নয়, এর সঙ্গে শক্তি, ঐক্য এবং জাতীয় চেতনা জড়িয়ে রয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসবকে বড় আকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।


রাখির মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ‘আজাদ কাশ্মীর’ এবং ‘রেড স্যালুট কিষাণজী’-র মতো স্লোগান নিয়ে সরব হন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের স্লোগানের বিরোধিতা করার পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পূর্ণ স্তবক গাওয়া নিয়েও আপত্তির সমালোচনা করেন শুভেন্দু।

এদিন নজরুল মঞ্চের সরকারি রাখিবন্ধন কর্মসূচিতেও যোগ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে প্রায় ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা কর্মসূচির জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর পাশাপাশি যাদবপুরের ৮বি মোড়ে ‘সহস্র কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচিকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় ১০ হাজার মানুষের কণ্ঠে ‘বন্দে মাতরম’ পরিবেশনের পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের আবহে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক তাৎপর্যও বেড়েছে।

Related posts

Leave a Comment