নিজস্ব সংবাদদাতা: বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি টিচার সেলের জেলা সম্মেলনে রবীন্দ্রভবন কার্যত উপচে পড়ল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলে এই সম্মেলন। টিচার সেলের জেলা নেতৃত্বের দাবি, বসিরহাট মহকুমার সাতটি বিধানসভা এলাকা থেকে প্রায় আট শতাধিক শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে যোগ দেন।
সিরহাট সাংগঠনিক জেলা বিজেপি টিচার সেলের কনভেনর বিশ্বজিৎ ঘোষ শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা ব্যবস্থা এবং কাজের পরিবেশের উন্নয়নে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলনে শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুকল্যান বৈদ্য। তিনি বলেন, দেশের ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মকে সচেতন করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, দেশের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

হিঙ্গলগঞ্জের বিধায়ক সনৎ সরদার বলেন, শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা টিচার সেলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, শিক্ষকদের হারানো সম্মান ফিরিয়ে আনা প্রয়োজন। শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং মানুষ গড়ার কারিগর। তাই তাঁদের কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন অবিভক্ত জেলার সভাপতি সুকুমার দে, বসিরহাট জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা শৌর্য বন্দ্যোপাধ্যায়, টিচার সেলের রাজ্য কো-কনভেনর দীপঙ্কর সরকার ও কুমুদ রঞ্জন মল্লিক, রাজ্য ভোকেশনাল ইনচার্জ মলয় সিংহ রায় এবং ডঃ তন্ময় মুখার্জি-সহ বিজেপি টিচার সেলের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতা।
সম্মেলনের শেষ পর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি টিচার সেলের অন্যতম সদস্য তথা কলেজ শিক্ষক অরুণ কুমার পাল। সম্মেলনে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি টিচার সেলের জেলা নেতৃত্ব।
