সংবাদ কলকাতা:— তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ১৬টি মামলায় একসঙ্গে রক্ষাকবচ দেওয়ার আবেদন মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ মঙ্গলবার তিনটি মামলায় আগের সুরক্ষা বহাল রেখেছে। বাকি ১৩টি মামলায় আদালতের সামনে প্রয়োজনীয় তথ্য যথেষ্ট না থাকায় আপাতত কোনও নির্দেশ দিতে চায়নি বেঞ্চ।
ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালিতলা থানার মামলাগুলিতে অভিষেকের ক্ষেত্রে আগের নির্দেশই কার্যকর থাকবে। এই তিন মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে তদন্তকারী আধিকারিকদের।

এই তিন মামলায় আদালতের অনুমতি ছাড়া অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না বলেও আগের নির্দেশ বহাল রয়েছে। ফলে এই মামলাগুলিতে তদন্ত এগোলেও অভিষেককে নিয়ে তাৎক্ষণিক কড়া পদক্ষেপের সুযোগ তদন্তকারীদের হাতে থাকছে না।
বিদেশযাত্রার বিষয়টিও শুনানিতে উঠে আসে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি আগেই সুপ্রিম কোর্ট দিয়েছিল। সেই অনুমতির পরেও এখনও বিদেশযাত্রা হয়ে ওঠেনি অভিষেকের। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বিদেশে গিয়ে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আশঙ্কার কথা জানানো হয়। সেই কারণে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের আবেদনও করা হয়েছিল।

তবে সেই আবেদনে সাড়া দেয়নি হাই কোর্ট। বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট যে শর্ত নির্ধারণ করেছিল, আপাতত সেটিই কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নতুন করে কোনও শর্ত আরোপ করা হয়নি।
মূলত ১৬টি মামলাকে একই সঙ্গে বিবেচনা করে অভিষেকের জন্য রক্ষাকবচ চাওয়া হয়েছিল। কিন্তু মামলাগুলির পরিস্থিতি এবং আদালতের সামনে থাকা নথি এক নয় বলে পর্যবেক্ষণ করেছে হাই কোর্ট। পর্যাপ্ত তথ্য না থাকায় বাকি মামলাগুলিতে এই পর্যায়ে হস্তক্ষেপ করেনি আদালত।
ফলে একসঙ্গে ১৬টি মামলায় আইনি সুরক্ষা পাওয়ার যে চেষ্টা করা হয়েছিল, তা সফল হল না। তিনটি মামলায় আগের রক্ষাকবচ বজায় থাকলেও বাকি মামলাগুলিতে তদন্তের বিরুদ্ধে আদালতের কোনও নতুন সুরক্ষা না মেলায় অভিষেকের সামনে আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে।
