28 C
Kolkata
August 23, 2026
রাজ্য

গুন্ডা-মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিলীপের, ‘বাড়াবাড়ি করলে বারুইপুরের মতো এনকাউন্টার’

খড়গপুরে গুন্ডা-মাফিয়াদের দৌরাত্ম্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে ‘হাত খোলা’ রয়েছে।

লীপ ঘোষ বলেন, কোথাও গুন্ডা বা মাফিয়াদের বাড়াবাড়ি হলে সরকার জিরো টলারেন্স নীতি নেবে। প্রয়োজন পড়লে বারুইপুরের ঘটনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বারুইপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশ গুলি চালালে অভিযুক্তের মৃত্যু হয়। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই খড়গপুরে কড়া হুঁশিয়ারি দেন দিলীপ।

রেলশহর খড়গপুরে তোলাবাজি, গুন্ডামি ও মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে দুর্গাপুজোর আগে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগও উঠছে। সেই পরিস্থিতিতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

দিলীপের কথায়, খড়গপুরে কোনও গুন্ডা-মাফিয়ার দৌরাত্ম্য চলতে দেওয়া হবে না। পুলিশকে মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাঁর দাবি, পুলিশ কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলে শহর শান্ত থাকবে।

রবিবার সকালে খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে একটি বিজেপি কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

দুর্গাপুজোর আগে খড়গপুরকে ‘ঠান্ডা’ রাখার লক্ষ্যেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment