32 C
Kolkata
August 21, 2026
খেলা

ডুরান্ড ফাইনালের টিকিটে হুড়োহুড়ি, রবিবার মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

সংবাদ কলকাতা— কলকাতা ডার্বি দিয়েই শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপ। এ বার সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই হতে চলেছে প্রতিযোগিতার শেষ লড়াই। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট বিক্রি।

পুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে বুকমাইশোতে। বিভিন্ন ব্লকের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। ফলে ফাইনাল দেখতে শুরু থেকেই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে।

মোহনবাগান সমর্থকদের জন্য নির্দিষ্ট কয়েকটি ব্লকে ২৫০ টাকার টিকিট রাখা হয়েছে। অন্য কয়েকটি ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও আলাদা ব্লক নির্ধারণ করা হয়েছে। দুই দলের সমর্থকদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকায় স্টেডিয়ামে সমর্থকদের উপস্থিতিও হবে নজরকাড়া।

এ বারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। সেই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। তার পর প্রতিযোগিতার সেমিফাইনালেও দুই দল নিজেদের ম্যাচে জিতে ফাইনালে জায়গা করে নেয়। ইস্টবেঙ্গল টাইব্রেকারে এসসি দিল্লিকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্য দিকে মোহনবাগান নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ লড়াইয়ের টিকিট নিশ্চিত করে।

ফলে তিন বছর পর ফের ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। শেষ বার ২০২৩ সালের ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এ বারও ট্রফির লড়াইয়ে দুই দলের সামনে একে অপরকে টপকানোর চ্যালেঞ্জ।

ম্যাচ শুরু হবে রবিবার বিকেল ৫টায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ডার্বির আবহ তৈরি হয়েছে। ফাইনালের টিকিট বিক্রি শুরু হওয়ার পর সেই উত্তেজনা আরও বাড়ছে। মাঠে দুই দলের সমর্থকদের বিপুল উপস্থিতি থাকবে বলেই আশা করা হচ্ছে।

মোহনবাগানের সামনে রয়েছে ডুরান্ড কাপের রেকর্ড ১৮তম শিরোপা জেতার সুযোগ। অন্য দিকে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গল। ফলে রবিবারের ম্যাচ শুধু ডুরান্ড কাপের ফাইনাল নয়, কলকাতা ফুটবলের ঐতিহ্যবাহী দ্বৈরথের আরও একটি বড় অধ্যায় হতে চলেছে।

Related posts

Leave a Comment