বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই ২০২৬ সালের Foreign Contribution (Regulation) Amendment Bill যৌথ সংসদীয় কমিটি বা JPC-তে পাঠানোর প্রস্তাব বুধবার লোকসভায় অনুমোদিত হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি JPC-তে পাঠানোর প্রস্তাব পেশ করেন।
প্রস্তাব অনুযায়ী, যৌথ সংসদীয় কমিটিতে লোকসভা থেকে ২১ জন এবং রাজ্যসভা থেকে ১০ জন সাংসদ থাকবেন। ২০২৬ সালের শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনেই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

বিলটি নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল দাবি করেন, বিলটি সম্পূর্ণ প্রত্যাহার করা উচিত। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে এনজিও এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন ও প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হচ্ছে।
যদিও কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের অভিযোগ খারিজ করেছেন। তাঁর বক্তব্য, বিলটির উদ্দেশ্য কোনও ভাবেই সংখ্যালঘুদের নিশানা করা নয়। বরং দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধীরাই বিলটি JPC-তে পাঠানোর দাবি জানিয়েছিলেন।
বুধবার লোকসভায় বিলটি JPC-তে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন বিরোধী সাংসদেরা স্লোগান দিতে থাকেন। সেই হট্টগোলের মধ্যেই ভয়েস ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। পরে লোকসভার অধিবেশন দুপুর ৩টে পর্যন্ত মুলতুবি করা হয়।
JPC-তে বিলটি যাওয়ায় এখন প্রস্তাবিত সংশোধনীগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনার সুযোগ তৈরি হল। কমিটির রিপোর্টের পর বিলটির পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
