30 C
Kolkata
August 7, 2026
কলকাতা

২০২৫ সালের নতুন নিয়মেই হবে এসএসসি নিয়োগ, হাই কোর্টে জানাল কমিশন

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই সম্পন্ন হবে বলে কলকাতা হাই কোর্টে স্পষ্ট জানাল কমিশন। শুক্রবার এসএলএসটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ীই নিয়োগপ্রক্রিয়া এগোবে। একই সঙ্গে রাজ্য সরকার জানায়, নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে মামলার শুনানির সময় রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, সরকার দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ২০২৫ সালের নতুন নিয়োগবিধি অনুসারেই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এসএসসি-র ২০১৬ সালের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতে ২০২৫ সালে নতুন নিয়োগবিধি প্রণয়ন করে কমিশন। তবে কয়েকজন চাকরিপ্রার্থী আদালতে দাবি করেন, ২০১৬ সালের শূন্যপদে নিয়োগ ২০১৬ সালের নিয়ম মেনেই হওয়া উচিত, নতুন বিধি অনুযায়ী নয়।

শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ কমিশনকে মনে করিয়ে দেন, নতুন নিয়োগবিধি নিয়ে ইতিমধ্যেই একাধিক আপত্তি আদালতের সামনে এসেছে। বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, নম্বর বণ্টনসহ বিভিন্ন বিষয়ে ওঠা অভিযোগগুলি বিবেচনায় রেখেই কমিশনকে এগোতে হবে।

এদিন ওবিসি সংরক্ষণ নিয়েও আদালতে আলোচনা হয়। আগে এসএসসি নিয়োগে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ থাকলেও নতুন নিয়মে তা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। ২০১০ সালের পর দেওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় সংরক্ষণ নীতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিচারপতি সিংহ রাজ্য সরকার ও এসএসসিকে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে নতুন কোনও আইনি জটিলতা তৈরি না হয়।

মামলার পরবর্তী শুনানি আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।

Related posts

Leave a Comment