30.2 C
Kolkata
August 7, 2026
খেলা

গিলের চোটে উদ্বেগ, প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব রাহুলের, কড়া বার্তা গম্ভীরের

কলম্বো: শ্রীলঙ্কা সফর শুরুর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগের সুর। অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামতে পারলেন না অধিনায়ক শুভমন গিল। তাঁর অনুপস্থিতিতে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে টস করতে নামেন সহ-অধিনায়ক কে এল রাহুল এবং প্রথম দিনের খেলায় তিনিই ভারতের নেতৃত্ব দেন।

শুক্রবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, বৃহস্পতিবার অনুশীলনের সময় শুভমন গিলের ডান হাতের অনামিকায় আঘাত লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুতর বা ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়ে কোনও আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে এখনও বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গিলের অনুপস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা একাদশ। ভারতের কাছে এই তিন দিনের প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে নিজেদের প্রস্তুতি যাচাই করার এটিই শেষ সুযোগ।

বিশেষ করে ভারতীয় ব্যাটারদের জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। সাম্প্রতিক সময়ে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। সেই দুর্বলতা কাটিয়ে ওঠা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই দলের মূল লক্ষ্য। এমন পরিস্থিতিতে অধিনায়কের চোট ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ বাড়িয়েছে।

এরই মধ্যে ক্রিকেটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। দুই টেস্টের সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওয় তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, প্রথম বল থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর যেন আমাদের কাছে তৈরি থাকে। এমন কোনও পরিস্থিতি যেন না আসে, যেখানে আমরা প্রস্তুত নই।’

গম্ভীরের মতে, শুধু প্রতিভা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয়। নিখুঁত প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তাই দলের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। মাঠে নামার আগে প্রতিটি খুঁটিনাটি বিষয় ঠিকঠাক করে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে কোনও ঘাটতি নেই।’

ইংল্যান্ড সফরে হতাশাজনক ফল, একাধিক চোট এবং ধারাবাহিকতার অভাবের পর এবার শ্রীলঙ্কা সফরকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে ভারত। তার উপর যশপ্রীত বুমরার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। তাই তরুণ দলকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলেই মনে করছেন প্রধান কোচ। তবে আত্মবিশ্বাসী গম্ভীর বলেন, ‘আমরা প্রস্তুত। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা তৈরি।’

দলে যোগ দেওয়া নতুন ক্রিকেটার সারাংশ জৈন এবং অকিব নবিদকে স্বাগত জানিয়ে গম্ভীর বলেন, কঠোর পরিশ্রমের ফলেই তাঁরা এই জায়গায় পৌঁছেছেন। সুযোগ পেলে দেশের জন্য নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবনিযুক্ত ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষকেও স্বাগত জানান ভারতের প্রধান কোচ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কা সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যেই গল থেকে জয়ের অভিযান শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া।

Related posts

Leave a Comment