August 2, 2026
রাজ্য

রাস্তায় নির্মাণসামগ্রী ফেললে জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম

কলকাতা— বাড়ি তৈরির সময় রাস্তা দখল করে ইট, বালি, পাথর-সহ নির্মাণসামগ্রী ফেলে রাখলে আর রেহাই মিলবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ধরনের ঘটনায় জরিমানা করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, জনসাধারণের রাস্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই বাড়ি তৈরির সময় নির্মাণসামগ্রী দীর্ঘদিন রাস্তার উপর ফেলে রাখা হয়। এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। তাই এবার থেকে নির্মাণসামগ্রী বাড়ির ভিতরে বা নিজস্ব জায়গায় রাখতে হবে। রাস্তা দখল করে ইট, বালি বা পাথর রাখা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হবে।

অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, ‘রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিজের জমির মধ্যেই রাখতে হবে। জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে রাখা চলবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।’শুধু নির্মাণসামগ্রী নয়, ফাঁকা জমি দীর্ঘদিন অপরিষ্কার ফেলে রাখার বিরুদ্ধেও

কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রীর বক্তব্য, জমির মালিকের দায়িত্ব সেই জমি পরিষ্কার রাখা। ঝোপঝাড়, নোংরা জল বা আগাছা জমে থাকলে তা মশার বংশবৃদ্ধির ক্ষেত্র হয়ে উঠতে পারে এবং ডেঙ্গি-সহ বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। তাই ফাঁকা জমি পরিষ্কার রাখার দায়িত্বও মালিককেই নিতে হবে।

তিনি বলেন, কেউ ভবিষ্যতে বাড়ি করবেন বলে বহু বছর জমি ফেলে রাখতে পারেন, কিন্তু সেই জমি অপরিষ্কার রাখার অধিকার তাঁর নেই। নিজের বাড়ি, বাড়ির সামনের অংশ বা বাগানের মতোই ফাঁকা জমিও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

এদিন বেআইনি পার্কিং এবং ফুটপাথ দখল নিয়েও কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, নির্দিষ্ট জায়গার বাইরে গাড়ি বা মোটরবাইক দাঁড় করানো যাবে না। এই নিয়ম কার্যকর করতে রাজ্য সরকার একটি নতুন ব্যবস্থা চালু করছে। ফুটপাথে গাড়ি রাখলে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে বলেও তিনি ফের সতর্ক করেন।

ফুটপাথ দখলমুক্ত করার প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানান, হকারদের ফুটপাথের পুরো অংশ দখল না করে পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত কোথাও হকার উচ্ছেদের অভিযান চালানো হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

Related posts

Leave a Comment