কলকাতা— বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় আড়াই মাস কেটে গেলেও এখনও গঠন করা হয়নি বিধানসভার বিভিন্ন স্থায়ী ও বিষয়ভিত্তিক কমিটি। ফলে বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্মে প্রভাব পড়ার পাশাপাশি কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রাপ্য দৈনিক ভাতা থেকেও বঞ্চিত হচ্ছেন বিধায়কেরা। এই পরিস্থিতি নিয়ে শাসক ও বিরোধী—উভয় শিবিরের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বিধানসভায় স্থায়ী কমিটি-সহ মোট ৪১টি কমিটি রয়েছে। এই কমিটিগুলিতে শাসক ও বিরোধী দলের বিধায়কেরা বিভিন্ন প্রশাসনিক, আর্থিক এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেন। সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন দপ্তরের কাজের মূল্যায়ন, আর্থিক অনিয়ম বা বেনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা এবং সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করার ক্ষেত্রে এই কমিটিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দীর্ঘদিন কমিটি গঠন না হওয়ায় বিধানসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

অনেক বিধায়কের মতে, নতুন সরকার গঠনের সময় মন্ত্রিসভা সম্প্রসারণে যে বিলম্ব হয়েছিল, কমিটি গঠনেও একই ধরনের দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম দফায় কয়েকজন মন্ত্রী শপথ নেওয়ার পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনে কিছুটা সময় লেগেছিল। সেই ধারাবাহিকতাতেই এবার বিধানসভার কমিটি গঠনেও দেরি হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
বর্তমানে বিধানসভায় বিজেপির ২০৭ জন বিধায়ক রয়েছেন। বিরোধী শিবিরের মোট বিধায়ক সংখ্যা ৮৬। তবে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলনেতা, শাসক ও বিরোধী পক্ষের মুখ্যসচেতক, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে বিধানসভার কমিটিতে রাখা হয় না। বাকি বিধায়কদের মধ্য থেকেই ৪১টি কমিটির সদস্য নির্বাচন করা হয়।

কমিটি গঠন না হওয়ায় আর্থিক ক্ষতির অভিযোগও তুলেছেন কয়েকজন বিধায়ক। বিধানসভার কোনও কমিটির বৈঠকে উপস্থিত থাকলে প্রত্যেক সদস্য দৈনিক দুই হাজার টাকা করে ভাতা পান। কিন্তু কমিটি গঠন না হওয়ায় বৈঠকই হচ্ছে না। ফলে সেই ভাতাও পাচ্ছেন না বিধায়কেরা।
বিধানসভা সচিবালয় সূত্রের দাবি, বিজেপির পক্ষ থেকে কোন কোন বিধায়ককে বিভিন্ন কমিটিতে রাখা হবে, সেই তালিকা প্রায় প্রস্তুত। তবে বিরোধী শিবিরের সদস্যদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। সেই কারণেই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে বিধানসভা সচিবালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
