September 14, 2026
দেশ

লোকসভায় পাশ পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল, প্রশ্নফাঁসে কড়া শাস্তির বিধান

নয়াদিল্লি: প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল। সোমবার বিলটি পেশ হওয়ার পর দু’দিন ধরে আলোচনা চলে। এবার এটি অনুমোদনের জন্য রাজ্যসভায় পাঠানো হবে।

বুধবার বিল নিয়ে আলোচনা চলাকালীন সংসদে উত্তেজনা তৈরি হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন লোকসভায় উপস্থিত ছিলেন না। এরপর ধ্বনিভোটে বিলটি পাশ হয় এবং প্রতিবাদে বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন।

নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে এই সংশোধনী বিল আনা হয়েছে। গত ৩ মে অনুষ্ঠিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পরীক্ষা ব্যবস্থায় কঠোর আইন আনার দাবি ওঠে।

নতুন সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁস বা পরীক্ষায় জালিয়াতির মতো অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। পরীক্ষা পরিচালনাকারী কোনও সংস্থা অপরাধে জড়িত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। বিশেষ ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার লোকসভায় বিলটি পেশ করেন। লোকসভার অনুমোদনের পর এখন রাজ্যসভার সম্মতির অপেক্ষায় রয়েছে এই গুরুত্বপূর্ণ সংশোধনী।

Related posts

Leave a Comment