সংবাদ কলকাতা— বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লায়েক আলির করা রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়, আবেদনকারী বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় এই পরিস্থিতিতে রক্ষাকবচ দেওয়ার প্রশ্ন ওঠে না। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি উপযুক্ত আদালতের দ্বারস্থ হতে পারবেন বলেও আদালত স্পষ্ট করেছে।
লায়েক আলির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল, গ্রেপ্তারের পর তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। পুলিশি হেনস্থার সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। সেই কারণেই তাঁর জন্য রক্ষাকবচের আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, তিনি যেহেতু এখন পুলিশ হেফাজতে রয়েছেন, তাই এই মুহূর্তে আলাদা করে কোনও সুরক্ষার নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।
বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। সেই সময় পুলিশের গাড়িতে ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর পুলিশ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালীন লায়েক আলির নাম সামনে আসে। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উত্তেজনা ছড়ানোর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। যদিও লায়েক আলি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।
