দিল্লি— দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং বিক্ষোভ ঘিরে উত্তেজনার আবহে নতুন প্রস্তাব দিলেন দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী কিরণ বেদি। তাঁর মতে, ছাত্র বিক্ষোভ সামলাতে প্রথম সারিতে সশস্ত্র পুলিশ নয়, প্রশিক্ষিত সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই কেবল দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী হস্তক্ষেপ করবে।
মাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কিরণ বেদি বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে সশস্ত্র পুলিশের সরাসরি সংঘর্ষ এড়াতেই এই ব্যবস্থা কার্যকর হতে পারে। তাঁর প্রস্তাব, সিভিল ডিফেন্স কর্মীরা বিক্ষোভকারীদের সামনে থাকবেন এবং দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী কিছুটা দূরে থেকে পরিস্থিতির উপর নজর রাখবে। প্রয়োজন হলেই তারা হস্তক্ষেপ করবে।
নিজের বক্তব্যের সমর্থনে সীমান্ত নিরাপত্তা বাহিনীর কাজের উদাহরণও তুলে ধরেন কিরণ বেদি। তাঁর মতে, সীমান্তে যেমন প্রথম প্রতিরক্ষার দায়িত্ব পালন করে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন হয়, তেমনই ছাত্র বিক্ষোভেও ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা যেতে পারে।
কিরণ বেদির মতে, সিভিল ডিফেন্স কর্মীদের লাঠি দেওয়া উচিত নয়। তাঁদের হাতে থাকা উচিত বেতের ঢাল, সুরক্ষা বর্ম এবং হেলমেটের মতো প্রতিরক্ষামূলক সরঞ্জাম। এতে উত্তেজনা কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্যেই সিভিল ডিফেন্স ও হোম গার্ড দপ্তর রয়েছে। সেখানে কর্মরত যুবক-যুবতীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ছাত্র আন্দোলনের সময় প্রথম সারিতে কাজে লাগানো যেতে পারে।
কিরণ বেদির দাবি, এই ব্যবস্থা চালু হলে ঘটনার নিরপেক্ষ সাক্ষী হিসেবেও কাজ করবেন সিভিল ডিফেন্স কর্মীরা। ফলে বিক্ষোভের পর অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রবণতাও অনেকটাই কমবে।
