মুম্বাই— দেশজুড়ে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তা প্রকাশ করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সমর্থন জানান তিনি। একই সঙ্গে তাঁর আবেদন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিক সংঘাতে পরিণত করা উচিত নয়।
সালমান খান লেখেন, ছাত্রদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা হিংসাত্মক পরিস্থিতির দিকে গড়িয়ে যাওয়ায় তিনি ব্যথিত। আন্দোলনে আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা।
বার্তায় তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম প্রশ্নফাঁসের মতো গুরুতর ইস্যুতে একজোট হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। পাশাপাশি সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য অভিভাবকদেরও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, শিক্ষিত ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যেই এই প্রজন্ম এগিয়ে চলেছে।
সালমান আরও বলেন, এই আন্দোলনের কৃতিত্ব শুধু ছাত্রছাত্রীদেরই প্রাপ্য। শিক্ষাব্যবস্থার সমস্যাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। বরং সরকার শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করুক। তাতে ছাত্রছাত্রী এবং দেশেরই লাভ হবে।
র্তার শেষে অভিনেতা আশা প্রকাশ করেন, একদিন দেশে শিক্ষা ফ্যাশনের মতোই আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে। সেই লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন ইতিমধ্যেই দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে।
