সংবাদ কলকাতা —রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) গঠনে শেষ পর্যন্ত ভোটাভুটির প্রয়োজন পড়ল না। কমিটির জন্য নির্ধারিত ২০টি আসনের বিপরীতে ঠিক ২০টি মনোনয়ন জমা পড়ায় নির্বাচন ছাড়াই সদস্যদের নির্বাচিত বলে ঘোষণা করা হবে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সংসদীয় রীতি মেনেই এবারও পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধী শিবিরের সদস্যের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় শাসক ও বিরোধী— উভয় পক্ষের বিধায়কেরা মনোনয়নপত্র জমা দেন। বিরোধী শিবিরের তরফে মোট ছয়জনের নাম জমা পড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ বিধায়ক অশোক দেব। পাশাপাশি মনোনয়ন জমা দিয়েছেন সমর মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী এবং কানাইয়ালাল আগরওয়াল। বাকি ১৪টি আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শাসকদলের বিধায়কেরা।
ধানসভা সূত্রের খবর, পিএসি-র চেয়ারম্যানের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলে সমর মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের নাম নিয়ে জোর আলোচনা চলছে। শেষ পর্যন্ত কাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্য বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আর্থিক ব্যয়, মহালেখা পরীক্ষকের প্রতিবেদনে উল্লিখিত পর্যবেক্ষণ এবং সরকারি অর্থের ব্যবহার খতিয়ে দেখার দায়িত্ব এই কমিটির উপরেই বর্তায়। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সংসদীয় প্রথা অনুযায়ী, পিএসি-র চেয়ারম্যান পদ সাধারণত বিরোধী শিবিরের কোনও সদস্যকে দেওয়া হয়। এবারও সেই রীতিই বজায় রাখার ইঙ্গিত মিলেছে। চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই নতুন কমিটি কাজ শুরু করবে।
