বাঁকুড়া: পশ্চিমবঙ্গে শিল্পায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় একটি ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও।
মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারী শিল্পে এটিই অন্যতম বড় বিনিয়োগ। তাঁর দাবি, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার একাধিক পদক্ষেপ করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সরকার পরিবর্তন না হলে রাজ্যের অবশিষ্ট শিল্পও অন্য রাজ্যে চলে যেত। বর্তমানে বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে এবং আগামী দিনে আরও একাধিক বিনিয়োগ রাজ্যে আসবে বলেও জানান তিনি।
তিনি জানান, আগামী দিনে হাওড়ার ধুলাগড়ে একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন হবে। পাশাপাশি দুর্গাপুরে প্রায় ৪ হাজার কোটি টাকার নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এছাড়া একটি ব্যাটারি কারখানা এবং হরিণঘাটায় একটি ই-কমার্স সংস্থার বিনিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শিল্পের জন্য নতুন জমি নীতির কথাও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সরকার বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী জমি সংগ্রহ করে দেবে, তবে জোরপূর্বক জমি অধিগ্রহণ করা হবে না। একই সঙ্গে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থানের বার্তা দিয়ে তিনি বলেন, কারখানায় গুন্ডাগিরি, সিন্ডিকেট বা কাটমানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমান সরকার শিল্প, কর্মসংস্থান এবং বিনিয়োগের নতুন পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।
