কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এল। গরুপাচার মামলায় নিজের কারাবাসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। একই সঙ্গে সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্রও অভিযোগ করেন, অভিষেকের কারণেই বহু নেতা জেলে গিয়েছেন।
অনুব্রত মণ্ডল বলেন, “আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।” তবে তিনি দাবি করেন, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও তৃণমূলের অংশ বলেই মনে করেন।
অন্যদিকে, মদন মিত্রের অভিযোগ, “দলের পরিণতির জন্য একমাত্র অভিষেক দায়ী। ওর জন্য অনেককে জেলে যেতে হয়েছে। যে টাকা দেয়নি, তাকেই জেলে যেতে হয়েছে।” যদিও তিনি এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে দেননি।
মদনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব করার পরই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন।
এদিকে, অনুব্রত মণ্ডলও সম্প্রতি কালীঘাট শিবির থেকে দূরত্ব তৈরি করেছেন। ভোটে তৃণমূলের পরাজয়ের পর থেকেই তিনি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন।
তবে অভিষেকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে লাইভ বার্তায় তিনি বলেন, “অভিষেককে নিয়ে অনেকেই বাহানা করছেন। সে আজ বাঘের মতো লড়ছে। ওর বিরুদ্ধে যত অভিযোগই তোলা হোক, আমার কাছে অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গিয়েছে।”
previous post
